খুলনাকে পরিচ্ছন্ন ও সবুজ নগরীতে গড়ার আহ্বান কেসিসি প্রশাসকের

 প্রকাশ: ৩০ মার্চ ২০২৬, ০৪:৩৯ অপরাহ্ন   |   খুলনা

খুলনাকে পরিচ্ছন্ন ও সবুজ নগরীতে গড়ার আহ্বান কেসিসি প্রশাসকের

মাসুদ আল হাসান,খুলনা ব্যুরো :

খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, খুলনা শহরকে পরিচ্ছন্ন ও সবুজ নগরীতে পরিণত করতে সমন্বিত উদ্যোগ নিতে হবে। পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করা গেলে মশা ও মশাবাহিত রোগ নিয়ন্ত্রণও সম্ভব হবে।

২৯ মার্চ রোববার বিকেলে নগর ভবনের জিআইজেড মিলনায়তনে অনুষ্ঠিত ‘খুলনা সিটি কর্পোরেশনে পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে স্বেচ্ছাসেবিতা’ শীর্ষক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।ৎ

কেসিসি প্রশাসক জানান, নগরের বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন করে পরিচ্ছন্নতার অন্তরায়সমূহ চিহ্নিত করা হচ্ছে। এসব সমস্যা দূর করা না গেলে জলাবদ্ধতা নিরসন সম্ভব হবে না। কার্যকর বর্জ্য ব্যবস্থাপনার মাধ্যমে পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে কাজ শুরু হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।


সভায় খুলনা পরিবেশ সুরক্ষা মঞ্চ বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক একটি ধারণাপত্র উপস্থাপন করে। পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে ধারণাপত্রটি তুলে ধরেন খুলনা বিশ্ববিদ্যালয়ের ফরেস্ট্রি অ্যান্ড উড টেকনোলজি ডিসিপ্লিনের অধ্যাপক ড. মো. ওয়াসিউল ইসলাম।


সভায় জানানো হয়, পলিথিন ব্যবহারের কারণে ড্রেনেজ ব্যবস্থা বাধাগ্রস্ত হয়ে বর্ষা মৌসুমে জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে। নগরে স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করতে জনসচেতনতা বৃদ্ধি, সাংস্কৃতিক কার্যক্রম আয়োজন এবং স্বেচ্ছাসেবক সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করা হয়। ধারণাপত্র বাস্তবায়নে ২৭ নম্বর ওয়ার্ডকে পাইলট ওয়ার্ড হিসেবে নির্ধারণ করা হয়েছে।

কেসিসি প্রশাসক বলেন, চলতি বছরে বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে খুলনা মহানগরীতে ব্যাপক সবুজায়ন করা হবে। শিগগিরই ‘কেমন খুলনা চাই’—এ বিষয়ে নাগরিকদের মতামত নিয়ে পরিকল্পনা গ্রহণ করা হবে।

সভায় খুলনা পরিবেশ সুরক্ষা মঞ্চের নেতৃবৃন্দ, নাগরিক প্রতিনিধি ও কেসিসির সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Advertisement
Advertisement
Advertisement