খুলনায় ৩ এপিবিএন এর অভিযানে ৭০ মোবাইল ও প্রতারণার টাকা উদ্ধার

 প্রকাশ: ৩০ মার্চ ২০২৬, ০৪:০৮ অপরাহ্ন   |   খুলনা

খুলনায় ৩ এপিবিএন এর অভিযানে ৭০ মোবাইল ও প্রতারণার টাকা উদ্ধার

খুলনা ব্যুরো :

৩ এপিবিএন, খুলনার অপস অ্যান্ড ইন্টেলিজেন্স শাখার সাইবার ক্রাইম ইউনিটের অভিযানে হারানো ও চুরি হওয়া ৭০টি মোবাইল ফোন এবং বিকাশ প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেওয়া ৬১ হাজার ২৪০ টাকা উদ্ধার করা হয়েছে।

অতিরিক্ত ডিআইজি ও ৩ এপিবিএন খুলনার অধিনায়ক জনাব এম. এম. সালাহউদ্দীনের নির্দেশনায় ইউনিটটি তাদের নিয়ন্ত্রণাধীন এলাকায় অবৈধ অস্ত্র উদ্ধার, মাদকদ্রব্য উদ্ধার, হারানো মোবাইল পুনরুদ্ধার এবং অনলাইন প্রতারণা প্রতিরোধে নিয়মিত কাজ করে যাচ্ছে।.


সহ অধিনায়ক পুলিশ সুপার জি. এম. আবুল কালাম আজাদ, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মাহবুবুর রহমান এবং সহকারী পুলিশ সুপার মোঃ আলী নওয়াজের প্রত্যক্ষ তত্ত্বাবধানে মার্চ ২০২৬ মাসে বিভিন্ন থানায় দায়ের করা সাধারণ ডায়েরি (জিডি) এর ভিত্তিতে দেশের বিভিন্ন স্থান থেকে এসব মোবাইল উদ্ধার করা হয়।

পরে অধিনায়ক মহোদয় আনুষ্ঠানিকভাবে উদ্ধারকৃত মোবাইল ফোন ও প্রতারণার টাকা প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর করেন।


এছাড়া জাতীয় জরুরি সেবা ৯৯৯ থেকে প্রাপ্ত ১২৫টি এবং WhatsApp-এর মাধ্যমে প্রাপ্ত ১৩৫টি অভিযোগের সন্তোষজনক সমাধান করা হয়েছে। একই সময়ে একটি হ্যাক হওয়া ফেসবুক আইডি উদ্ধার এবং এক ভিকটিম উদ্ধারে প্রয়োজনীয় সাইবার তথ্য সহায়তা প্রদান করা হয়। পাশাপাশি অনলাইন প্রতারণা ও সাইবার বুলিংয়ের শিকার ব্যক্তিদের আইনি সহায়তা প্রদান করা হয়েছে।

এ সময় অধিনায়ক বলেন, জনসাধারণের ইতিবাচক সহযোগিতা অব্যাহত থাকলে আরও বেশি ভুক্তভোগীকে দ্রুত আইনি সেবা প্রদান করা সম্ভব হবে।

Advertisement
Advertisement
Advertisement