ট্রাকচাপায় ফিলিং স্টেশন ম্যানেজার খুন; ঘাতক চালক গ্রেফতার

 প্রকাশ: ২৯ মার্চ ২০২৬, ১০:২৭ অপরাহ্ন   |   খুলনা

ট্রাকচাপায় ফিলিং স্টেশন ম্যানেজার খুন; ঘাতক চালক গ্রেফতার

খুলনা ব্যুরো :

নড়াইল জেলার তানভীর ফিলিং স্টেশনের ম্যানেজার নাহিদ সরদারকে ট্রাকচাপা দিয়ে হত্যার ঘটনায় অভিযুক্ত ঘাতক ট্রাকচালক সুজাত আলীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬। 

২৯ মার্চ রবিবার রাতে যশোরের বাঘারপাড়া উপজেলার কিসমত মাহমুদপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

র‍্যাব জানায়, চাঞ্চল্যকর এ হত্যাকাণ্ডের পর গোয়েন্দা নজরদারি ও তথ্যপ্রযুক্তির সহায়তায় আসামির অবস্থান শনাক্ত করা হয়। পরে র‍্যাব-৬, সিপিসি-৩ যশোর ক্যাম্পের একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে।

স্থানীয় সূত্রে জানা গেছে, নড়াইল-যশোর মহাসড়কের পাশে অবস্থিত তানভীর ফিলিং স্টেশনে শনিবার দিবাগত রাতে ট্রাকচালক সুজাত মোল্যা ও তার সহযোগী জহুর ডিজেল নিতে যান। কিন্তু পাম্পে তেলের মজুদ শেষ হয়ে যাওয়ায় ম্যানেজার নাহিদ সরদার তেল দিতে অপারগতা প্রকাশ করলে তাদের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, একপর্যায়ে ট্রাকচালক ক্ষুব্ধ হয়ে নাহিদ সরদারকে ট্রাকচাপা দিয়ে হত্যার হুমকি দেন।

পরে রাত প্রায় ২টার দিকে কাজ শেষে নাহিদ সরদার সহকর্মী জিহাদকে নিয়ে মোটরসাইকেলে করে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। ফিলিং স্টেশন থেকে অল্প দূরত্ব অতিক্রম করার পর পেছন থেকে দ্রুতগতিতে আসা একটি ট্রাক তাদের মোটরসাইকেলের ওপর তুলে দেয়। এতে ঘটনাস্থলেই নাহিদ সরদার নিহত হন।

র‍্যাব-৬, সিপিসি-৩ যশোরের কোম্পানি কমান্ডার মেজর এ.টি.এম ফজলে রাব্বী প্রিন্স জানান, হত্যাকাণ্ডে জড়িত অন্যান্য ব্যক্তিদের শনাক্তে অভিযান অব্যাহত রয়েছে। এ বিষয়ে পরবর্তীতে বিস্তারিত জানানো হবে।

চাঞ্চল্যকর এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

Advertisement
Advertisement
Advertisement