হাতকড়া পরা আসামির পলায়ন, এক ঘণ্টা পর পুনরায় গ্রেপ্তার

 প্রকাশ: ২৯ মার্চ ২০২৬, ০৮:১৮ অপরাহ্ন   |   খুলনা

হাতকড়া পরা আসামির পলায়ন, এক ঘণ্টা পর পুনরায় গ্রেপ্তার

খুলনা ব্যুরো: 

খুলনায় হাতকড়া পরা অবস্থায় পুলিশের হেফাজত থেকে পালিয়ে যাওয়া চুরি মামলার আসামি বিপ্লব হাওলাদারকে এক ঘণ্টার মধ্যেই পুনরায় গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় পুলিশের ওপর হামলার অভিযোগে সুজন নামে এক যুবককে আটক করা হয়েছে।

শনিবার (২৮ মার্চ) রাত ৮টার দিকে খুলনা বিভাগীয় ক্রিকেট স্টেডিয়াম এলাকায় পুলিশের হেফাজত থেকে পালিয়ে যায় বিপ্লব। পরে রাত ৯টার দিকে স্টেডিয়াম সংলগ্ন এলাকা থেকে তাকে পুনরায় গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, বিপ্লব হাওলাদার খালিশপুর থানার মদিনাবাদ এলাকার বাসিন্দা। তিনি স্থানীয় এক ব্যক্তির রিকশার ব্যাটারি চুরি করে বিক্রি করেন। এ ঘটনায় খালিশপুর থানায় একটি মামলা দায়ের করা হয়।

খালিশপুর থানার ওসি মো. তৌহিদুজ্জামান জানান, দীর্ঘদিন পলাতক থাকার পর বিকেলে বিপ্লবকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে নিয়ে অভিযানে গেলে ব্যাটারি চুরি চক্রের সদস্যরা পুলিশের ওপর হামলা চালায়। এ সময় হামলার সুযোগে বিপ্লব হাতকড়া পরা অবস্থায় পালিয়ে যায়।

হামলায় দুই পুলিশ সদস্য আহত হন। ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে এক ঘণ্টার মধ্যেই তাকে পুনরায় গ্রেপ্তার করে। পুলিশের ওপর হামলার ঘটনায় আটক সুজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জড়িত অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Advertisement
Advertisement
Advertisement