মোংলায় অবৈধ জ্বালানি তেল মজুদ: কোস্ট গার্ড ও নৌবাহিনীর যৌথ অভিযান
মাসুদ আল হাসান,খুলনা :
বাগেরহাটের মোংলায় জ্বালানি তেলের অবৈধ মজুদের বিরুদ্ধে যৌথ অভিযান পরিচালনা করেছে কোস্ট গার্ড ও নৌবাহিনী।
রবিবার (২৯ মার্চ) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে একইদিন রাত ১টার দিকে কোস্ট গার্ড, নৌবাহিনী, পুলিশ, এনএসআই এবং বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসকের সমন্বয়ে মোংলা অয়েল ইনস্টলেশন এলাকায় অবস্থিত যমুনা পেট্রোলিয়াম লিমিটেডে যৌথ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালে প্রতিষ্ঠানের তিনটি তেলের ট্যাংকে সংরক্ষিত জ্বালানি তেলের পরিমাণ সরেজমিনে পরিমাপ ও সংশ্লিষ্ট কাগজপত্র যাচাই-বাছাই করা হয়। এতে অবৈধভাবে মজুদ করা প্রায় ১২ হাজার ৬১৩ লিটার অতিরিক্ত জ্বালানি তেল পাওয়া যায়, যার আনুমানিক বাজারমূল্য ১২ লাখ ১০ হাজার ৮৫০ টাকা।
অবৈধভাবে মজুদকৃত জ্বালানি তেলের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা অতিরিক্ত জেলা প্রশাসক, বাগেরহাটের তত্ত্বাবধানে প্রক্রিয়াধীন রয়েছে।
লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, দেশের অভ্যন্তরীণ জ্বালানি বাজার স্থিতিশীল রাখতে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।