দেশের সব পেট্রোল পাম্পে ট্যাগ অফিসার নিয়োগের সিদ্ধান্ত
প্রতিদিনের দেশ ডেস্ক :
জ্বালানি সরবরাহ ব্যবস্থাপনায় তদারকি জোরদার করতে দেশের প্রতিটি পেট্রোল পাম্পে ট্যাগ অফিসার নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে সরকার। বৈশ্বিক জ্বালানি পরিস্থিতি বিবেচনায় সরবরাহ ও ব্যবস্থাপনায় সমন্বয় বাড়াতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
গত শুক্রবার জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম-এর সভাপতিত্বে অনুষ্ঠিত অনলাইন সভায় এ সিদ্ধান্ত হয়। সভায় জানানো হয়, প্রতিটি পেট্রোল পাম্পের জন্য একজন সরকারি কর্মকর্তাকে ট্যাগ অফিসার হিসেবে দায়িত্ব দেওয়া হবে।
সিদ্ধান্ত অনুযায়ী, ঢাকা ও চট্টগ্রাম মহানগর এলাকায় ট্যাগ অফিসার নিয়োগ করবে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)। অন্য জেলা ও বিভাগীয় শহরে জেলা প্রশাসক এবং উপজেলা পর্যায়ে উপজেলা নির্বাহী কর্মকর্তারা নিজ নিজ এলাকার পাম্পগুলোতে কর্মকর্তাদের নিয়োগ দেবেন।
নিয়োগপ্রাপ্ত ট্যাগ অফিসাররা জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ ও বিপিসি নির্ধারিত নির্দেশনা অনুসারে দায়িত্ব পালন করবেন এবং দৈনিক কার্যক্রমের প্রতিবেদন জমা দেবেন। সংশ্লিষ্ট সব দপ্তর ও সংস্থাকে দ্রুত ট্যাগ অফিসার নিয়োগ সম্পন্ন করে প্রয়োজনীয় তথ্য বিভাগে পাঠাতে বলা হয়েছে।