১৫৬ কোটির সংযোগ সড়ক, খুলনায় নতুন ব্যয়ের রেকর্ড
খুলনা ব্যুরো :
খুলনা মহানগরীর নিরালা মোড় থেকে রূপসা সেতু বাইপাস পর্যন্ত নির্মাণাধীন নতুন সংযোগ সড়ক এখন ব্যয়ের কারণে আলোচনায়। খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ (কেডিএ) নির্মিত প্রায় ২ দশমিক ৭ কিলোমিটার দীর্ঘ এ সড়কের ব্যয় বেড়ে দাঁড়িয়েছে ১৫৬ কোটি টাকা, যা খুলনার ইতিহাসে সবচেয়ে ব্যয়বহুল সড়ক হিসেবে বিবেচিত হচ্ছে।
প্রকল্পের শুরুতে ব্যয় ধরা হয়েছিল ৮০ কোটি টাকা। কিন্তু নিরালা দিঘিরপাড় এলাকায় খুলনা সিটি করপোরেশন (কেসিসি) কবরস্থান ও একটি সরু খাল অতিক্রম করতে গিয়ে ৩০০ মিটার দীর্ঘ উড়াল সড়ক নির্মাণের সিদ্ধান্ত নেওয়ায় অতিরিক্ত ৬০ কোটি টাকা ব্যয় যুক্ত হয়েছে। ফলে প্রতি কিলোমিটার সড়ক নির্মাণে ব্যয় দাঁড়িয়েছে প্রায় ৫৭ কোটি টাকা।
জানা গেছে, সাতক্ষীরা সড়ক ও সিটি বাইপাসকে সংযুক্ত করার জন্য প্রায় ৭১৭ কোটি টাকার লিংক রোড প্রকল্প বাস্তবায়ন করছে কেডিএ। চার লেনের ৬০ ফুট প্রশস্ত এ সড়ক নগরের যানজট কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
তবে ব্যয়বহুল উড়াল সড়কের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন নগর পরিকল্পনাবিদরা।
বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স খুলনা চ্যাপ্টারের নেতারা বলছেন, মৃতপ্রায় খালের ওপর মাঝারি আকারের কালভার্ট বা ছোট সেতু নির্মাণ করলেই পানি নিষ্কাশন ও স্থানীয় নৌকা চলাচল সম্ভব ছিল।
প্রকল্প পরিচালক ও কেডিএর নির্বাহী প্রকৌশলী মোর্ত্তজা আল মামুন জানান, সড়কের মধ্যে কবরস্থান ও খাল থাকায় নেভিগেশন ক্লিয়ারেন্স বজায় রাখতে পানি থেকে প্রায় সাড়ে ১৫ মিটার উচ্চতায় উড়াল সড়ক নির্মাণ করা হয়েছে।
অন্যদিকে কেসিসির প্রধান পরিকল্পনা কর্মকর্তা আবিরুল জব্বার বলেন, একই খালের ওপর তারা সাত ফুট উচ্চতার সেতু নির্মাণের পরিকল্পনা করেছেন। তাই উড়াল সড়কের উচ্চতা ও ব্যয় নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে।
সরেজমিনে দেখা গেছে, ওভারপাসের মূল অংশের কাজ শেষ হলেও দুই পাশে ভায়াডাক্ট নির্মাণ চলছে। খালের অংশবিশেষ ভরাট করে নির্মাণসামগ্রী পরিবহন করা হচ্ছে। স্থানীয় বাসিন্দাদের আশঙ্কা, খালের স্বাভাবিক প্রবাহ ব্যাহত হলে ভবিষ্যতে জলাবদ্ধতার ঝুঁকি বাড়তে পারে।