রাষ্ট্রের তত্ত্বাবধানে বেড়ে ওঠা তানজিয়ার বিয়ে সম্পন্ন
খুলনা ব্যুরো :
২৭ মার্চ (শুক্রবার) পরিবার হারিয়ে ছোটবেলায় আশ্রয়কেন্দ্রে ঠাঁই নেওয়া তানজিয়ার জীবনে নতুন অধ্যায়ের সূচনা হয়েছে। সমাজকল্যাণ মন্ত্রণালয় ও সমাজসেবা অধিদফতরের উদ্যোগে সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্র (বালিকা), গল্লামারী, খুলনার প্রাঙ্গণে তার বিবাহ অনুষ্ঠান সম্পন্ন হয়। এর আগে বৃহস্পতিবার গায়ে হলুদ ও আইবুড়ো ভাতের আয়োজন করা হয়।
জানা যায়, তানজিয়ার বয়স যখন মাত্র ৮ বছর, তখন সে পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। সৈয়দপুর রেলস্টেশনে এক ব্যক্তির সহায়তায় থানা পুলিশের মাধ্যমে জিডি করে তাকে সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্র, রংপুরে আশ্রয় দেওয়া হয়। পরবর্তীতে নিজের বাড়ি খুলনার করমচা এলাকায় বলে জানালে ২০২০ সালে তাকে সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্র, খুলনায় স্থানান্তর করা হয়।
তার পরিবারের সন্ধানে ধারাবাহিক কাউন্সেলিং, অনুসন্ধান কার্যক্রম, পত্রিকায় বিজ্ঞাপন এবং জাতীয় শিশু সহায়তা সেবা ১০৯৮-এর সহায়তা নেওয়া হলেও পরিবারের খোঁজ পাওয়া যায়নি।
সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্র, খুলনায় অবস্থানকালে তানজিয়াকে নিরাপদ আশ্রয়ের পাশাপাশি জীবনদক্ষতা উন্নয়ন, দর্জি কাজ, সুচ-সুতা ও এমব্রয়ডারি প্রশিক্ষণ প্রদান করা হয়। পরিবার না থাকলেও জীবনের এই গুরুত্বপূর্ণ সময়ে রাষ্ট্রই তার অভিভাবকের ভূমিকা পালন করেছে। জেলা প্রশাসন খুলনা, বিভাগ ও জেলা সমাজসেবা অধিদপ্তর খুলনা এবং সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্র খুলনা যৌথভাবে তার বিবাহ আয়োজন সম্পন্ন করে।
বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খুলনা বিভাগের বিভাগীয় কমিশনার মোঃ মোখতার আহমেদ ও তাঁর সহধর্মিনী নুসরাত জাহান, খুলনা জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আ.স.ম. জামশেদ খোন্দকার ও তাঁর সহধর্মিনী ড. শারমীন নিশাত, সমাজসেবা অধিদফতরের পরিচালক অনিন্দিতা রায়, উপপরিচালক কানিজ মোস্তফাসহ সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।