অসহায় ও প্রান্তিক জনগোষ্ঠীর পাশে দাঁড়াতে কাজ করছে সরকার : প্রতিমন্ত্রী অমিত

 প্রকাশ: ২৭ মার্চ ২০২৬, ১০:৪২ অপরাহ্ন   |   খুলনা

অসহায় ও প্রান্তিক জনগোষ্ঠীর পাশে দাঁড়াতে কাজ করছে সরকার : প্রতিমন্ত্রী অমিত

মাসুদ আল হাসান, খুলনা :

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, রাষ্ট্র ও সরকার অসহায় ও প্রান্তিক জনগোষ্ঠীর পাশে দাঁড়াতে কাজ করছে। সমাজের কোনো মানুষ যেন পিছিয়ে না পড়ে সে জন্য সকলের জন্য অনুকূল পরিবেশ নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব।

শুক্রবার (২৭ মার্চ) যশোর জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে জাতীয় সমাজকল্যাণ পরিষদ আয়োজিত দুঃস্থ ও অসহায় ব্যক্তিদের মাঝে এককালীন চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, বৃত্তবান ব্যক্তিদেরও সরকারের পাশাপাশি অসহায় মানুষের পাশে দাঁড়ানো উচিত। তিনি উল্লেখ করেন, ১৯৯১ সালে প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বিভিন্ন সামাজিক ভাতা কার্যক্রম চালু করেন।

তিনি আরও বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর নির্বাচনী ইশতেহারের অঙ্গীকার অনুযায়ী ফ্যামিলি কার্ড কর্মসূচি এবং মসজিদের ইমাম, মুয়াজ্জিন, পুরোহিত, সেবায়েত, বিহার অধ্যক্ষ ও উপাধ্যক্ষদের সম্মানী প্রদান কার্যক্রম শুরু হয়েছে। ইতোমধ্যে ৩৭ হাজার ৫৬৭ উপকারভোগীর মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ করা হয়েছে এবং আগামী জুন মাসে এর পরিসর বাড়ানোর পরিকল্পনা রয়েছে।


জ্বালানি তেল নিয়ে উদ্বেগের প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, বিশ্বের ৮০টি দেশে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি পেলেও বাংলাদেশ সরকার বর্তমানে মূল্য বৃদ্ধির পরিকল্পনা করছে না। দেশে পর্যাপ্ত জ্বালানি তেল মজুদ রয়েছে এবং কোনো সংকট নেই। হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলের অনুমতি পাওয়া দেশের জন্য বড় সাফল্য বলেও তিনি উল্লেখ করেন। অপ্রয়োজনীয়ভাবে জ্বালানি তেল ক্রয় না করার জন্য সবাইকে আহ্বান জানান তিনি।

যশোর জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মো. হারুন-অর-রশিদ। অনুষ্ঠানে পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, যশোর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক খান সাবু, জেলা পরিষদের প্রশাসক মো. দেলোয়ার হোসেন খান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুজন সরকার ও প্রেসক্লাব সভাপতি মো. জাহিদ হাসান টুকুসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রতিমন্ত্রী ১৫৩ জন দুঃস্থ ও অসহায় ব্যক্তির মাঝে মোট ৪ লাখ ৫৯ হাজার টাকার এককালীন অনুদানের চেক বিতরণ করেন।

Advertisement
Advertisement
Advertisement