খুলনায় ছিনতাইকারীর লক্ষ্যভ্রষ্ট গুলিতে ছিনতাইকারী দলের সদস্য নিহত
খুলনা ব্যুরো :
খুলনার দিঘলিয়া উপজেলায় এক ব্যবসায়ীকে লক্ষ্য করে ছিনতাইয়ের সময় গুলিবর্ষণের ঘটনায় ছিনতাইকারী দলেরই এক সদস্য নিহত হয়েছে।
বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে (২৭ মার্চ ) দিঘলিয়া উপজেলার স্টিমার ঘাট সংলগ্ন পপুলার পাঠ কোম্পানি এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, তাহিদুল ইসলাম (পিতা: জাবেদ আলী শেখ) দিঘলিয়া থানার দেআড়া গ্রামের বাসিন্দা এবং তিনি একজন ফ্লেক্সিলোড ব্যবসায়ী। প্রতিদিনের মতো দোকানের টাকা নিয়ে বাড়ি ফেরার পথে ঘটনাস্থলে পৌঁছালে তিনজন অজ্ঞাতনামা ছিনতাইকারী তার পথরোধ করে।
এসময় তারা তার কাছ থেকে টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। ধস্তাধস্তির এক পর্যায়ে ছিনতাইকারীরা তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। তবে সংঘর্ষের সময় ছোড়া গুলি ছিনতাইকারী দলেরই এক সদস্যের শরীরে লাগে। এতে ঘটনাস্থলেই গুরুতর আহত হয়ে সে মারা যায়।
ঘটনার পর স্থানীয় লোকজন পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং নিহতের মরদেহ উদ্ধার করে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, এ ঘটনায় জড়িত অন্য ছিনতাইকারীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।