চিতলমারীতে বাড়িতে ঢুকে কলেজ শিক্ষার্থীকে গুলি করে হত্যা

 প্রকাশ: ২৭ মার্চ ২০২৬, ১১:০৪ পূর্বাহ্ন   |   খুলনা

চিতলমারীতে বাড়িতে ঢুকে কলেজ শিক্ষার্থীকে গুলি করে হত্যা

খুলনা ব্যুরো :

বাগেরহাটের চিতলমারী উপজেলায় বাড়ির ভেতরে ঢুকে আমির হামজা মুন্সি (২৩) নামে এক কলেজ শিক্ষার্থীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (২৬ মার্চ) বিকেল ৪টার পর উপজেলার শিবপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আমির হামজা মুন্সি শিবপুর গ্রামের রুহুল আমিন মুন্সির ছেলে।

তিনি খুলনা সরকারি সুন্দরবন কলেজের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। পাশাপাশি খুলনার একটি বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে কর্মরত ছিলেন। পারিবারিক সূত্র জানায়, ঈদ উপলক্ষে তিনি গ্রামের বাড়িতে বেড়াতে এসেছিলেন।

পুলিশ ও স্বজনদের ভাষ্য অনুযায়ী, বিকেলে বাড়ির উঠানে বাবা ও চাচার সঙ্গে কথা বলার সময় তিনটি মোটরসাইকেলে করে হেলমেট পরিহিত ছয়জন যুবক বাড়িতে প্রবেশ করে। তারা নিজেদের প্রশাসনের লোক পরিচয় দিয়ে আমির হামজাকে ধাওয়া করে। পালানোর সময় বাড়ির পাশের খালের পাড়ে পড়ে গেলে হামলাকারীরা তার মাথায় গুলি করে মৃত্যু নিশ্চিত করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য মরদেহ বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালে পাঠানোর প্রস্তুতি নেওয়া হয়েছে।

বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার মো. শামীম হোসেন জানান, জেলা পুলিশ ছাড়াও সিআইডি, পিবিআই ও গোয়েন্দা পুলিশের সদস্যরা ঘটনাটি তদন্ত করছে। হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, নিহত আমির হামজা মুন্সি প্রায় দুই মাস আগে তন্বী আক্তার নামে এক কলেজছাত্রীকে বিয়ে করেছিলেন।

Advertisement
Advertisement
Advertisement