সংবাদ শিরোনাম

কুয়েটে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত

 প্রকাশ: ২৬ মার্চ ২০২৬, ১০:১৪ অপরাহ্ন   |   খুলনা

কুয়েটে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত

মাসুদ আল হাসান ,খুলনা ব্যুরো :

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)-এ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদা ও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১১টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসস্থ মুক্তিযুদ্ধের ভাস্কর্য “দুর্বার বাংলা”-এর পাদদেশে জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন এবং বীর শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।


কুয়েটের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ অনুষদের ডিনবৃন্দ, রেজিস্ট্রার, পরিচালক (ছাত্র কল্যাণ) ও সিনিয়র শিক্ষকদের সঙ্গে নিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে শিক্ষক সমিতি, অফিসার্স এসোসিয়েশন, বিভিন্ন আবাসিক হল এবং কর্মকর্তা-কর্মচারী সংগঠনের পক্ষ থেকেও শ্রদ্ধা নিবেদন করা হয়।

দিবসটি উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের অডিটরিয়ামে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ভাইস-চ্যান্সেলর বলেন, ১৯৭১ সালের এই দিনে বাঙালি জাতি স্বাধীনতার পথে অগ্রসর হয় এবং অসংখ্য শহীদের আত্মত্যাগের বিনিময়ে স্বাধীন বাংলাদেশ অর্জিত হয়। তিনি স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান-কে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। একই সঙ্গে জাতীয় চার নেতা—তাজউদ্দীন আহমদ, সৈয়দ নজরুল ইসলাম, ক্যাপ্টেন এম মনসুর আলী ও এ এইচ এম কামারুজ্জামান-সহ সকল মুক্তিযোদ্ধার প্রতি গভীর শ্রদ্ধা জানান।

তিনি ভাইস-চ্যান্সেলর হিসেবে দায়িত্ব প্রদান করায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে সবার সহযোগিতা কামনা করেন।

আলোচনা সভায় বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী প্রতিনিধিরা বক্তব্য দেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিচালক (ছাত্র কল্যাণ) প্রফেসর ড. বি. এম. ইকরামুল হক।


এছাড়া সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে প্রশাসনিক ভবন, ভাইস-চ্যান্সেলরের বাসভবন ও আবাসিক হলসমূহে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের সন্তানদের অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।

বাদ জোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে দেশ ও জাতির শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।