সুন্দরবনে অস্ত্রসহ ডাকাত সহযোগী আটক
খুলনা ব্যুরো :
সুন্দরবনে অভিযান চালিয়ে কুখ্যাত ডাকাত আসাবুর বাহিনীর প্রধান সহযোগী রবিউল ইসলামকে অস্ত্র ও গুলিসহ আটক করেছে কোস্ট গার্ড পশ্চিম জোন।
২৫ মার্চ বুধবার দুপুরে সুন্দরবনের শিবসা নদীর কুমারখালি খাল সংলগ্ন এলাকায় কোস্ট গার্ড বেইস মোংলা ও নলিয়ান স্টেশনের সদস্যরা যৌথ অভিযান পরিচালনা করে তাকে আটক করেন। বিকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বিষয়টি নিশ্চিত করেন।
কোস্ট গার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় ডাকাত আসাবুর জেলেদের ভয়ভীতি দেখিয়ে চাঁদা আদায়ের উদ্দেশ্যে তার প্রধান সহযোগী রবিউল ইসলামকে অস্ত্রসহ সুন্দরবনে পাঠিয়েছে। এর পরিপ্রেক্ষিতে পরিচালিত অভিযানে কোস্ট গার্ড সদস্যদের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে ধাওয়া করে তাকে আটক করা হয়।
আটকের পর তার দেওয়া তথ্য অনুযায়ী এলাকায় তল্লাশি চালিয়ে একটি একনলা বন্দুক, চার রাউন্ড তাজা কার্তুজ ও একটি ফাঁকা কার্তুজ উদ্ধার করা হয়।
আটক রবিউল ইসলাম (৪১) খুলনার পাইকগাছা থানার বাসিন্দা। দীর্ঘদিন ধরে সে ডাকাতি, জেলেদের জিম্মি করে মুক্তিপণ আদায় ও চাঁদাবাজির সঙ্গে জড়িত ছিল বলে জানিয়েছে কোস্ট গার্ড।
চলমান আইনি প্রক্রিয়ার জন্য তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রস্তুতি চলছে।