নাচোলে ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাথে এমপি ড. মিজানের মতবিনিময় ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ড. মু. মিজানুর রহমান বলেছেন, "আমি দল-মত নির্বিশেষে এলাকার সকল মানুষের এমপি। আপনাদের নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ জামায়াতে ইসলামী সবসময় পাশে থাকবে। তবে সমাজ থেকে মাদক নির্মূলে আপনাদের জিরো টলারেন্স নীতি গ্রহণ করতে হবে এবং এ বিষয়ে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে।"
বুধবার (২৫ মার্চ) বেলা সাড়ে ১১টায় নাচোল উপজেলা পরিষদ হল রুমে ক্ষুদ্র নৃগোষ্ঠীর সদস্যদের সাথে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিধান সিং-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) মোছাঃ সুলতানা রাজিয়া।
অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমীর প্রভাষক ইয়াকুব আলী, সেক্রেটারি মাওলানা মোবারক আলী, পৌর আমীর মনিরুল ইসলাম ও নায়েবে আমীর ডাঃ রফিকুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা পল্লী উন্নয়ন অফিসার হারুন অর রশিদ।
মতবিনিময় সভা শেষে ক্ষুদ্র নৃগোষ্ঠীর কৃতি শিক্ষার্থীদের মাঝে উৎসাহ প্রদানের লক্ষ্যে নগদ অর্থ ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। প্রধান অতিথি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, শিক্ষার আলোয় আলোকিত হয়ে সমাজ ও দেশের উন্নয়নে অবদান রাখতে হবে।
সভায় ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিরা তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন এবং এমপি মহোদয় সে বিষয়গুলো পর্যায়ক্রমে সমাধানের আশ্বাস প্রদান করেন।