সংবাদ শিরোনাম

খুলনায় জলবায়ু সহনশীলতা বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত

 প্রকাশ: ২৮ জানুয়ারী ২০২৬, ০৮:২৬ অপরাহ্ন   |   খুলনা

খুলনায় জলবায়ু সহনশীলতা বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত

খুলনা ব্যুরো :

মাল্টি অ্যাক্টর পার্টনারশিপ প্রকল্পের আওতায় বাংলাদেশে জলবায়ু সহনশীলতা উন্নয়ন ও ক্ষয়-ক্ষতি নিরসনে জাতীয় কৌশল প্রণয়নের লক্ষ্যে ২৮ জানুয়ারি বুধবার দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালাটি অনুষ্ঠিত হয় খুলনা রেলিগেটস্থ এ্যাডামস মিলনায়তনে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) আবু সায়েদ মোঃ মনজুর আলম।

কর্মশালায় প্রধান অতিথি বলেন, “উপযুক্ত অভিযোজন কৌশল গ্রহণ করলে জলবায়ু পরিবর্তনের ক্ষয়-ক্ষতি লাঘব করা সম্ভব।” তিনি সরকারের পাশাপাশি জনগণ ও উন্নয়ন অংশীদারদের সম্মিলিত প্রচেষ্টার গুরুত্বের ওপর জোর দেন। এছাড়া উপকূল রক্ষায় বিদ্যমান বাঁধকে পর্যটনবান্ধব ও চলাচলের উপযোগী করার পাশাপাশি বিকল্প কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে হবে বলে উল্লেখ করেন।

কর্মশালায় প্যানেল আলোচক হিসেবে ছিলেন কুয়েট ইন্সটিটিউট অব ডিজাস্টার ম্যানেজমেন্টের পরিচালক অধ্যাপক ড. মো: নূরুন্নবী মোল্লা, খুলনা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ডিসিপ্লিনের অধ্যাপকরা, কেডিএ ও আইক্যাডের প্রতিনিধিরা। সভাপতিত্ব করেন এ্যাডামসের উপনির্বাহী পরিচালক আশিক মাহমুদ। মূল প্রবন্ধ উপস্থাপন করেন কুয়েটের সহযোগী অধ্যাপক ড. আনজুম তাসনুভা।

প্রকল্পের উদ্দেশ্য ছিল অংশগ্রহণকারীদের জলবায়ু পরিবর্তনের প্রভাব, ক্ষয়-ক্ষতি, অর্থনৈতিক ও অঅর্থনৈতিক ক্ষয়-ক্ষতির ধারণা, COP-30 পরবর্তী সিদ্ধান্ত এবং মাল্টি অ্যাক্টর পার্টনারশিপ ম্যাপ (MAP) সম্পর্কে জ্ঞান বৃদ্ধি করা। এছাড়া জাতীয় পর্যায়ে ক্ষয়-ক্ষতি নিরসনে কৌশল প্রণয়নের বিষয়ে সচেতনতা সৃষ্টি এবং মতামত প্রদানকে উৎসাহিত করা।

কর্মশালায় স্থানীয় সরকারি-বেসরকারি কর্মকর্তা, সুশীল সমাজ, যুবক জলবায়ু কর্মী, বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী এবং বিভিন্ন মিডিয়ার প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।