নাচোলে রাত ৯টায় স্বাস্থ্য কমপ্লেক্সে এমপি মিজানুর রহমানের ঝটিকা অভিযান: অব্যবস্থাপনায় চরম ক্ষোভ
নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ড. মু. মিজানুর রহমান গত মঙ্গলবার (২৪ মার্চ) রাত ৯টার দিকে আকস্মিকভাবে নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে যান। কোনো পূর্ব ঘোষণা ছাড়াই এমপির এই ঝটিকা অভিযানে হাসপাতালের চিকিৎসা ব্যবস্থার নানা অনিয়ম ও নোংরা পরিবেশ দেখে তিনি চরম ক্ষোভ প্রকাশ করেন।
পরিদর্শনকালে সংসদ সদস্য হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে রোগীদের সঙ্গে কথা বলেন এবং তাদের চিকিৎসার খোঁজখবর নেন। এ সময় তিনি দেখতে পান হাসপাতালের ওয়াশরুমগুলো অত্যন্ত অপরিচ্ছন্ন এবং দরজায় ছিটকিনি নেই। অনেক গুরুত্বপূর্ণ পয়েন্টে বিদ্যুতের বাল্ব নষ্ট হয়ে পড়ে আছে। এমনকি রোগীদের বেডের নিচে ডাবের খোসাসহ ময়লা-আবর্জনা ছড়িয়ে-ছিটিয়ে থাকতে দেখে তিনি ক্ষুব্ধ হন।
ডিউটি রোস্টার যাচাই করতে গিয়ে দেখা যায়, হাসপাতালের পরিচ্ছন্নতা কাজের জন্য নিয়োজিত ৫ জন কর্মী কর্মস্থলে অনুপস্থিত। এছাড়া রোগীদের দেওয়া খাবারের মান নিয়েও তিনি সংশ্লিষ্টদের সাথে কথা বলেন এবং বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে খতিয়ে দেখেন।
হাসপাতালের এই বেহাল দশা দেখে ড. মু. মিজানুর রহমান তাৎক্ষণিক হাসপাতালের দায়িত্বরত কর্মকর্তা ও কর্মচারীদের ওপর ক্ষোভ প্রকাশ করেন। তিনি পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা এবং রোগীদের নিয়মিত ও মানসম্মত চিকিৎসা নিশ্চিত করার ওপর কঠোর নির্দেশ দেন। তিনি সাফ জানিয়ে দেন, সরকারি হাসপাতালে সাধারণ মানুষের চিকিৎসাসেবা নিয়ে কোনো ধরনের অবহেলা বা অনিয়ম সহ্য করা হবে না।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আমীর প্রভাষক ইয়াকুব আলী, পৌর আমীর মনিরুল ইসলাম ও নায়েবে আমীর ডাঃ রফিকুল ইসলাম এছাড়া ও
পরিদর্শনকালে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং হাসপাতালের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এমপির এই আকস্মিক পদক্ষেপে সাধারণ রোগী ও তাদের স্বজনদের মধ্যে স্বস্তি দেখা গেছে।