চাঁপাইনবাবগঞ্জে মুদি দোকানে অবৈধভাবে চড়া দামে পেট্রোল বিক্রি, প্রশাসনের ঝটিকা অভিযানে ধরা পড়ে
মোঃ আশরাফুল ইসলাম :
চাঁপাইনবাবগঞ্জের কৃষ্ণগোবিন্দপুর এলাকায় ভ্রাম্যমাণ আদালত একটি ঝটিকা অভিযান চালিয়ে অবৈধভাবে তেল মজুদ ও বেশি দামে বিক্রির দায়ে মুদি দোকানদার মকবুল হোসেনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইকরামুল হক নাহিদ। বুধবার (২৫ মার্চ) সদর উপজেলার কৃষ্ণগোবিন্দপুর চামারপাড়া এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সদর মডেল থানা পুলিশের একটি দল সহযোগিতা করেছে।
জানা যায়, মকবুল হোসেন তার মুদি দোকানে অবৈধভাবে অকটেন মজুদ করে চড়া দামে বিক্রি করছিলেন। অভিযান চলাকালে এক ছদ্মবেশী ক্রেতা দোকানে ঢুকে প্রতি লিটার অকটেনের দাম ২৭০ টাকা দাবি করেন। পরে দোকান ও বাড়িতে তল্লাশি চালিয়ে ২০ লিটার অকটেন জব্দ করা হয়।
অভিযুক্ত দোকানদার অপরাধ স্বীকার করলে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪০ ধারায় তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। জব্দ করা ২০ লিটার অকটেন বিধি অনুযায়ী বিক্রি করে প্রাপ্ত অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক ইকরামুল হক নাহিদ জানান, মজুত করে অতিরিক্ত দামে তেল বিক্রির অপরাধের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। তিনি বলেন, অসাধু ব্যবসায়ী, মজুদদার ও কালোবাজারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে যাতে ভোক্তাদের অধিকার রক্ষা করা যায়।