রামিসা হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবিতে রাজধানীতে মানববন্ধন
স্টাফ রিপোর্টার:
রাজধানীর মিরপুরে শিশু শিক্ষার্থী রামিসা হত্যাকাণ্ডের বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী, ঢাকা মহানগরী উত্তর মহিলা বিভাগ।
বৃহস্পতিবার (২১ মে) সকাল ১০টায় মিরপুর-১১ মেট্রো স্টেশন সংলগ্ন ইসলামী ব্যাংক হাসপাতালের পূর্ব পাশে আয়োজিত এ কর্মসূচিতে সংগঠনের নেতৃবৃন্দ, নারী সদস্য এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা মহানগরী উত্তর মহিলা বিভাগের সহকারী সেক্রেটারি ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্যা আমেনা বেগম। সঞ্চালনায় ছিলেন নাসরিন আকতার। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মহিলা বিভাগের সেক্রেটারি নুরুন্নিসা সিদ্দিকা এমপি।
বক্তারা রামিসা হত্যাকাণ্ডকে নৃশংস ও মানবতাবিরোধী ঘটনা উল্লেখ করে দ্রুত বিচার ট্রাইব্যুনালে মামলাটি স্থানান্তর এবং দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান। তারা বলেন, শিশু ও নারীর নিরাপত্তা নিশ্চিত করতে রাষ্ট্রীয় ও সামাজিক উদ্যোগ আরও জোরদার করা প্রয়োজন।
মানববন্ধনে আরও বক্তব্য দেন মহানগরীর সহকারী সেক্রেটারি ইয়াসমিন জলি, কর্মপরিষদ সদস্য নাজমুন নাহার, নুরুন্নাহার পলি, আইটি সম্পাদিকা আকলিমা ফেরদৌসী, মজলিসে শূরা সদস্যা ফাতেমা আক্তার হ্যাপি এবং আইনজীবী ফাতেমা ইয়াসমিন মহুয়া।
বক্তারা সামাজিক অবক্ষয়, মাদক বিস্তার, অনলাইনে হয়রানি এবং শিশু নির্যাতনের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন। একই সঙ্গে শিশু সুরক্ষা ব্যবস্থা জোরদার, ভাড়াটিয়া তথ্য যাচাই বাধ্যতামূলক করা, নারী ও শিশু অধিকার সুরক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং নৈতিক শিক্ষার প্রসারে গুরুত্বারোপের আহ্বান জানান।
কর্মসূচি থেকে সংগঠনের পক্ষ থেকে সরকারের কাছে ১২ দফা দাবি উপস্থাপন করা হয়। দাবির মধ্যে ছিল দ্রুত বিচার নিশ্চিতকরণ, সাক্ষীদের নিরাপত্তা প্রদান, শিশু সুরক্ষা সেল গঠন, মাদক নিয়ন্ত্রণ, অনলাইন অশ্লীলতা প্রতিরোধ, শিশু বিষয়ক পৃথক অধিদপ্তর প্রতিষ্ঠা এবং শিশু খাতে বিশেষ বাজেট বরাদ্দ।
সমাবেশ শেষে অংশগ্রহণকারীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন এবং রামিসা হত্যার বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দেন।