কালশীতে সংবাদ সংগ্রহকালে দুই সাংবাদিকের ওপর হামলার ঘটনায় উদ্বেগ ও নিন্দা

 প্রকাশ: ২১ মে ২০২৬, ০৬:৩৫ অপরাহ্ন   |   ঢাকা

কালশীতে সংবাদ সংগ্রহকালে দুই সাংবাদিকের ওপর হামলার ঘটনায় উদ্বেগ ও নিন্দা

বিষেশ প্রতিনিধি:

রাজধানীর মিরপুরের কালশী বাউনিয়া বাঁধ এলাকায় পরিচালিত উচ্ছেদ অভিযান চলাকালে সংবাদ সংগ্রহে নিয়োজিত দুই সাংবাদিকের ওপর হামলার ঘটনায় গণমাধ্যমকর্মীদের মধ্যে তীব্র উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

বুধবার (২১ মে) বিকেলে গৃহায়ন ও গণপূর্ত কর্তৃপক্ষের পরিচালিত উচ্ছেদ অভিযানের সময় ঘটনাস্থলে দায়িত্ব পালনকালে হামলার শিকার হন বাংলাদেশ প্রতিদিন ডিজিটালের সিনিয়র রিপোর্টার নেহাল আহমেদ প্রান্ত এবং বাংলাদেশ টাইমসের স্টাফ রিপোর্টার তাসবির ইকবাল।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে বাউনিয়া বাঁধ এলাকায় উচ্ছেদ কার্যক্রম শুরু হলে স্থানীয় বাসিন্দাদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ সময় পরিস্থিতি নিয়ে তথ্য সংগ্রহ ও সরাসরি সম্প্রচার চলাকালে উচ্ছেদ অভিযান সম্পর্কে প্রশ্ন করলে দায়িত্বরত কয়েকজন পুলিশ সদস্য সাংবাদিকদের সঙ্গে অসদাচরণ করেন বলে অভিযোগ ওঠে।

ভুক্তভোগী সাংবাদিকদের অভিযোগ, পেশাগত দায়িত্ব পালনরত অবস্থায় তাদের শারীরিকভাবে হেনস্তা করা হয় এবং ব্যবহৃত মোবাইল ফোন ও ক্যামেরা কেড়ে নেওয়ারও চেষ্টা করা হয়। এ ঘটনায় উপস্থিত সাধারণ মানুষ ও সংবাদকর্মীদের মধ্যে প্রতিক্রিয়া দেখা দেয়।

ঘটনার পর বিভিন্ন সাংবাদিক সংগঠন নিন্দা ও উদ্বেগ প্রকাশ করেছে। বাংলাদেশ অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (বিওজেএ) এক বিবৃতিতে দায়িত্ব পালনরত সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত এবং ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে।

বিওজেএ নেতৃবৃন্দ বলেন, স্বাধীনভাবে তথ্য সংগ্রহ ও প্রশ্ন করার অধিকার গণমাধ্যমকর্মীদের সাংবিধানিক ও পেশাগত দায়িত্বের অংশ। এ ধরনের ঘটনায় সংবাদপত্র ও গণমাধ্যমের স্বাধীনতা ক্ষুণ্ন হওয়ার আশঙ্কা তৈরি হয়।

সংগঠনটি দ্রুত তদন্তের মাধ্যমে দায়ীদের চিহ্নিত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছে।

Advertisement
Advertisement
Advertisement