ফুটপাতে হকারদের জায়গা বরাদ্দ কেন অবৈধ নয় : হাইকোর্ট

 প্রকাশ: ১৯ মে ২০২৬, ১২:৫৬ অপরাহ্ন   |   ঢাকা

ফুটপাতে হকারদের জায়গা বরাদ্দ কেন অবৈধ নয় : হাইকোর্ট

মো:আর্শাদ হোসেন

রাজধানী ঢাকার রাস্তা ও ফুটপাতে হকারদের জন্য নির্দিষ্ট জায়গা বরাদ্দ দেওয়ার সিদ্ধান্ত কেন অবৈধ ও বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। মঙ্গলবার বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি আবদুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন। 

আদালত সূত্রে জানা যায়, “ঢাকার হকার ব্যবস্থাপনা নীতিমালা-২০২৬” চ্যালেঞ্জ করে দায়ের করা এক রিট আবেদনের শুনানি শেষে এ আদেশ দেওয়া হয়। রিটে স্থানীয় সরকার মন্ত্রণালয়, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে। 

রুলে আদালত জানতে চেয়েছেন, ফুটপাত ও সড়কে হকারদের জন্য নির্দিষ্ট স্থান বরাদ্দ দেওয়া কেন সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ঘোষণা করা হবে না। একইসঙ্গে সড়ক ও ফুটপাত ব্যবহারে বিদ্যমান আইন অনুযায়ী সিটি করপোরেশনের এমন সিদ্ধান্ত কেন বাতিল করা হবে না, তাও জানতে চাওয়া হয়েছে।


শুনানিতে রিটকারীর আইনজীবী বলেন, স্থানীয় সরকার সংক্রান্ত বিদ্যমান আইনে সড়ক ও ফুটপাত বরাদ্দ দেওয়ার ক্ষমতা সিটি করপোরেশনের নেই। অন্যদিকে হকার প্রতিনিধিরা বলছেন, জীবিকার তাগিদে হাজারো মানুষ ফুটপাতে ব্যবসা করে আসছেন এবং তাদের পুনর্বাসন ছাড়া উচ্ছেদ করলে সামাজিক সংকট তৈরি হতে পারে।

এ বিষয়ে নগর পরিকল্পনাবিদদের মত, ফুটপাত পথচারীদের জন্য উন্মুক্ত রাখা জরুরি হলেও বাস্তবতা বিবেচনায় হকার ব্যবস্থাপনায় সুস্পষ্ট নীতিমালা প্রয়োজন। অন্যথায় যানজট, জনদুর্ভোগ ও বিশৃঙ্খলা আরও বাড়তে পারে।

আদালত সংশ্লিষ্টদের আগামী চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে নির্দেশ দিয়েছেন।

Advertisement
Advertisement
Advertisement