বনানীতে বিদেশি অস্ত্র ও ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক | ঢাকা
রাজধানীর বনানীতে এক ঝটিকা অভিযানে দুটি বিদেশি পিস্তল, গুলি ও বিপুল পরিমাণ ইয়াবাসহ মো. জাহিদুল ইসলাম নামে এক চিহ্নিত মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার দিবাগত রাত দেড়টার দিকে বনানীর পুরাতন ব্র্যাক বিশ্ববিদ্যালয় সংলগ্ন একটি বাসায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ডিএমপির গুলশান বিভাগের একটি চৌকস দল পুরাতন ব্র্যাক ইউনিভার্সিটির পেছনের ১১৪ নম্বর বাসার ষষ্ঠ তলায় অভিযান চালায়। তল্লাশিকালে ওই কক্ষ থেকে দুটি বিদেশি পিস্তল, একটি গুলিভর্তি ম্যাগাজিন, তিন রাউন্ড তাজা গুলি এবং ২ হাজার ১৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এছাড়া মাদক বিক্রির নগদ ৯৬ হাজার ৩২০ টাকা ও দুটি মোবাইল ফোন জব্দ করেছে পুলিশ।
বৃহস্পতিবার সকালে গুলশান বিভাগের সহকারী পুলিশ কমিশনার (এসি) শাহ মোস্তফা তারিকুজ্জামান অভিযানের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, গ্রেপ্তারকৃত জাহিদুল বনানী ও মহাখালী এলাকার দীর্ঘদিনের চিহ্নিত মাদক কারবারি। কেবল মাদকই নয়, তার বিরুদ্ধে রাজধানীর ফার্মগেট এলাকায় এক যুবদল নেতাকে গুলি করে হত্যার সঙ্গে জড়িত থাকার প্রাথমিক তথ্য পাওয়া গেছে।
এলাকাবাসীর তথ্যমতে, ওই বাসায় দীর্ঘদিন ধরেই জাহিদুলের সন্দেহজনক আনাগোনা ছিল। উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্র ও বিপুল পরিমাণ মাদক নিয়ে বর্তমানে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার সঙ্গে আর কারা জড়িত এবং অস্ত্রের উৎস কী, তা খতিয়ে দেখছে পুলিশ। এই ঘটনায় সংশ্লিষ্ট থানায় অস্ত্র ও মাদক নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।