উত্তরায় বাবার হাত থেকে ছিনিয়ে নেওয়া শিক্ষার্থীকে ৯ দিন পর গাজীপুর থেকে উদ্ধার, এক কিশোর গ্রেফতার
ডেক্স নিউজ:
রাজধানীর উত্তরায় স্কুল থেকে বাড়ি ফেরার পথে বাবার হাত থেকে জোরপূর্বক ছিনিয়ে নেওয়া এক দশম শ্রেণির শিক্ষার্থীকে নয় দিন পর পুলিশ উদ্ধার করেছে। ঘটনায় জড়িত প্রধান অভিযুক্ত লামীন ইসলাম নামের এক কিশোরকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (২ মে) গাজীপুরের পুবাইল এলাকা থেকে উদ্ধার অভিযান সফল হয়েছে।
গত ২২ এপ্রিল দুপুরে উত্তরার ৬ নম্বর সেক্টরের ৫ নম্বর রোডে স্কুলের পরীক্ষা শেষে বাবার সঙ্গে বাড়ি ফিরছিলেন শিক্ষার্থী। হঠাৎ লামীন নামের কিশোর সেখানে উপস্থিত হয়ে তাকে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে। বাবা সর্বশক্তি দিয়ে মেয়েকে বাঁচানোর চেষ্টা করলেও, সেখানে আরেক যুবক যোগ দিয়ে তাকে মারধর করে। তারা শিক্ষার্থীকে একটি প্রাইভেট কারে তুলে পালিয়ে যায়। ঘটনার সিসিটিভি ফুটেজে পুরো ঘটনা ধরা পড়েছে।
ঘটনার দিনই ভুক্তভোগীর বাবা উত্তরা পূর্ব থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। এরপর থেকে পুলিশ আধুনিক প্রযুক্তি ব্যবহার করে অভিযান চালায়। নয় দিন পর গাজীপুরের পুবাইল থেকে শিক্ষার্থীকে উদ্ধার করা হয়।
ডিএমপির উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার (এক্সপি) মির্জা তারেক আহমেদ বেগ জানান, “অপহরণের প্রধান অভিযুক্ত লামীনকে গ্রেফতার করা হয়েছে। অপহরণের সঠিক কারণ খতিয়ে দেখা হচ্ছে। চক্রের সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করে গ্রেফতারের অভিযান চলছে।”
বর্তমানে উদ্ধৃত শিক্ষার্থীকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে থানা সূত্র জানিয়েছে। এ ঘটনা রাজধানীতে নিরাপত্তার প্রশ্ন তুলেছে, বিশেষ করে স্কুলছাত্রীদের জন্য।