নিবন্ধন বাতিলকে ‘ফাঁসি’ বললেন আদ্-দ্বীনের নির্বাহী পরিচালক
মিল্টন মাহমুদ :
নবজাতক মৃত্যুর ঘটনায় রাজধানীর মগবাজারে আদ্-দ্বীন হাসপাতালের নিবন্ধন বাতিলের সরকারি সিদ্ধান্তের সমালোচনা করেছেন প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক ডা. শেখ মহিউদ্দিন। তাঁর দাবি, মৃত্যুর সুনির্দিষ্ট কারণ এখনো নিশ্চিত না হলেও হাসপাতালের লাইসেন্স বাতিল করা হয়েছে। একই সঙ্গে তিনি জানান, তদন্ত প্রতিবেদনে উল্লিখিত ত্রুটিগুলো সংশোধনের কাজ ইতিমধ্যে শুরু হয়েছে।
১৫ জুন সোমবার বিকেলে হাসপাতাল প্রাঙ্গণে আয়োজিত সংবাদ সম্মেলনে ডা. শেখ মহিউদ্দিন বলেন, “নিবন্ধন বাতিলের মাধ্যমে আমাকে ফাঁসি দেওয়া হয়েছে।” তিনি দাবি করেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের তদন্ত প্রতিবেদনে নবজাতকদের মৃত্যুর কারণ স্পষ্টভাবে উল্লেখ করা হয়নি এবং মৃত শিশুদের ময়নাতদন্তও হয়নি।
তিনি জানান, তদন্ত প্রতিবেদনে যেসব অবকাঠামোগত ও কারিগরি ঘাটতির কথা বলা হয়েছে, সেগুলো দূর করতে হাসপাতাল কর্তৃপক্ষ ব্যবস্থা নিয়েছে। অক্সিজেন ও গ্যাস সরবরাহব্যবস্থা উন্নয়নের জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি সংগ্রহ করা হয়েছে এবং সিলগালা করা নবজাতক ওয়ার্ড সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে।
এর আগে গত ২৭ মে আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর অভিযোগ ওঠে। তদন্ত শেষে স্বাস্থ্য অধিদপ্তর জানায়, ঘটনাকালে দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক ও নার্সের অনুপস্থিতি এবং হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলার প্রমাণ পাওয়া গেছে। পরে গত ১১ জুন হাসপাতালটির নিবন্ধন বাতিল করা হয়।
ঘটনার পর ক্ষতিগ্রস্ত ছয় পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ, আজীবন বিনা মূল্যে চিকিৎসাসেবা এবং পরিবারের একজন সদস্যকে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দেয় হাসপাতাল কর্তৃপক্ষ। তবে এসব উদ্যোগের পরও নিবন্ধন বাতিলের সিদ্ধান্ত বহাল রাখে সরকার।