যৌতুকের দাবিতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ
মোঃআশরাফুল ইসলাম চাঁপাইনবাবগঞ্জ:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ৩ লক্ষ টাকা যৌতুকের দাবি পূরণ করতে না পারায় সুমাইয়া আক্তার জামিলা (২০) নামে এক গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে। আজ মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের সালামপুর গ্রামে এই ঘটনা ঘটে। এই ঘটনায় নিহতের স্বামী রিপন আলীসহ পরিবারের ৬ জনের বিরুদ্ধে শিবগঞ্জ থানায় লিখিত এজাহার দায়ের করেছেন নিহতের মা মোসাঃ রুনা বেগম।
এজাহার সূত্রে জানা যায়, প্রায় দুই বছর আগে কানসাটের আব্দুর রাজ্জাকের সাথে সুমাইয়ার বিয়ে হলেও পরবর্তীতে প্রেমের সম্পর্কের জেরে গত ৩০ অক্টোবর তিনি ১নং আসামী রিপন আলীকে বিয়ে করেন। বিয়ের পর থেকেই আসামীরা ৩ লক্ষ টাকা যৌতুকের দাবিতে সুমাইয়ার ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালিয়ে আসছিল। গত ২৭ এপ্রিল সোমবার রাতে স্বামী রিপন আলী সুমাইয়াকে তার বাবার বাড়ি থেকে নিয়ে যান। আজ মঙ্গলবার ভোর ৬টার দিকে ২নং আসামী মাহাবুর রহমান সুমাইয়ার অসুস্থতার কথা বলে তার মাকে শ্বশুরবাড়ি নিয়ে গেলেও নিহতের মা সেখানে গিয়ে বিছানায় মেয়ের নিথর দেহ পড়ে থাকতে দেখেন।
মরদেহ উদ্ধারকারী শিবগঞ্জ থানার এসআই জাহাঙ্গীর আলম জানান: "মরদেহের গলায় এবং বাম চোয়ালের নিচে আঘাতের চিহ্ন আছে। আমরা সকাল ১০টার দিকে বাড়ির উঠানে দড়ির খাটিয়ার ওপর শোয়ানো অবস্থায় মরদেহটি পাই।"
শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবির জানান: "আমরা লাশ ময়নাতদন্তে পাঠিয়েছি। ময়নাতদন্তের পর বোঝা যাবে এটি হত্যা না আত্মহত্যা। বর্তমানে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।"
নিহতের মা রুনা বেগমের দাবি, আসামীরা পূর্ব পরিকল্পিতভাবে সুমাইয়াকে শ্বাসরোধ করে হত্যা করেছে। পুলিশ লাশের সুরতহাল প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে পাঠিয়েছে। ঘটনার পর থেকে অভিযুক্তরা পলাতক রয়েছে।