রায়পুরায় মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগ, শিক্ষক পলাতক

 প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৬, ০৯:১৩ অপরাহ্ন   |   ঢাকা

রায়পুরায় মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগ, শিক্ষক পলাতক

নরসিংদী প্রতিনিধি :

নরসিংদীর রায়পুরা পৌর এলাকার জান্নাতুল বুশরা বালিকা  মাদ্রাসার শিক্ষকের বিরুদ্ধে এক শিশুশিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। অভিযোগের পর অভিযুক্ত শিক্ষক পলাতক রয়েছেন বলে জানা গেছে। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার হাসিমপুর-কলাবাড়িয়া এলাকার জান্নাতুল বুশরা বালিকা  মাদ্রাসায় পড়ুয়া প্রায় ৯–১০ বছর বয়সী এক শিক্ষার্থীকে গত কয়েকদিন ধরে একাধিকবার যৌন নির্যাতন করা হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগীর পরিবার। অভিযুক্ত শিক্ষক জোনায়েদ  ওই মাদ্রাসার প্রধান শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন বলে স্থানীয়রা জানান।

ভুক্তভোগীর মায়ের ভাষ্য অনুযায়ী, শিশুটি অসুস্থ ও অস্বাভাবিক আচরণ করলে বিষয়টি পরিবারের নজরে আসে। পরে তাকে চিকিৎসকের কাছে নেওয়া হয়, ভুক্তভোগী শিশুটিকে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। 

পরিবারের অভিযোগ, ঘটনার পর অভিযুক্ত শিক্ষক কৌশলে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন এবং পরবর্তীতে তাকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। এ ঘটনায় স্থানীয় কিছু প্রভাবশালী ব্যক্তির সম্পৃক্ততার অভিযোগও তুলেছেন স্বজনরা।

এদিকে ঘটনার প্রতিবাদে স্থানীয় যুবকরা মাদ্রাসা ঘেরাও করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরে স্থানীয়ভাবে একটি সালিশ বৈঠকের উদ্যোগ নেওয়া হলেও সেখানে অভিযুক্ত ব্যক্তিকে উপস্থিত করা হয়নি বলে অভিযোগ রয়েছে।

এ বিষয়ে সংশ্লিষ্ট থানার পুলিশ জানায়, অভিযোগটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। অভিযুক্তকে গ্রেপ্তারে অভিযান চলছে এবং মেডিকেল রিপোর্টসহ অন্যান্য প্রমাণ যাচাই করা হচ্ছে।

স্থানীয় সচেতন মহল ও এলাকাবাসী ঘটনার দ্রুত, নিরপেক্ষ তদন্ত এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন। তারা বলেন, শিশু নিরাপত্তা ও ন্যায়বিচারের প্রশ্নে কোনো ধরনের আপস গ্রহণযোগ্য নয়।

Advertisement
Advertisement
Advertisement