সিদ্ধিরগঞ্জ ভূমি অফিসে পদায়ন নিয়ে বিতর্ক --অভিযোগ তদন্তের আশ্বাস

 প্রকাশ: ২১ এপ্রিল ২০২৬, ০৯:২৮ অপরাহ্ন   |   ঢাকা

সিদ্ধিরগঞ্জ ভূমি অফিসে পদায়ন নিয়ে বিতর্ক --অভিযোগ তদন্তের আশ্বাস

নারায়ণগঞ্জ প্রতিনিধি:

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসে সহকারী ভূমি কর্মকর্তা দুলাল চন্দ্র দেবনাথকে পদায়ন ঘিরে স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে। দুর্নীতি, ঘুষ বাণিজ্য এবং সেবা গ্রহীতাদের হয়রানির অভিযোগ থাকা সত্ত্বেও তাকে দায়িত্ব দেওয়ায় নানা প্রশ্ন উঠেছে।

জানা যায়, গত ৪ মার্চ ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল আকস্মিকভাবে সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন করেন। এ সময় কয়েকজন সেবা গ্রহীতা নামজারি সংক্রান্ত সমস্যার কথা প্রতিমন্ত্রী ও উপস্থিত সাংবাদিকদের জানান। সংশ্লিষ্ট বিষয়ে তৎকালীন সহকারী ভূমি কর্মকর্তা নাসির উদ্দিন যাচাই শেষে একটি নামজারি প্রক্রিয়া সম্পন্ন করেন বলে জানা যায়।

পরবর্তীতে ওই কর্মকর্তার বদলির পর গোদনাইল ইউনিয়ন ভূমি অফিস থেকে দুলাল চন্দ্র দেবনাথকে সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসে পদায়ন করা হয়। বিষয়টি প্রকাশ্যে আসার পর স্থানীয়দের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়।

অভিযোগ রয়েছে, পূর্বে অনুমোদিত একটি নামজারি আবেদন দায়িত্ব নেওয়ার পর বাতিল করে দেন তিনি। এতে ভুক্তভোগী পুনরায় আবেদন করতে বাধ্য হন এবং বিষয়টি স্থানীয় সাংবাদিকদের জানান।

স্থানীয় সাংবাদিকদের অভিযোগ, বক্তব্য নিতে গেলে দুলাল চন্দ্র দেবনাথ উত্তেজিত আচরণ করেন এবং তার ঘনিষ্ঠ লোকজনের মাধ্যমে সাংবাদিকদের ভয়ভীতি দেখানো হয়। ভিডিও ধারণকে কেন্দ্র করে এক পর্যায়ে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয় বলেও অভিযোগ করা হয়েছে।

এলাকাবাসীর দাবি, বিভিন্ন এলাকায় দায়িত্ব পালনকালে তার বিরুদ্ধে ঘুষ দাবি, দালালচক্রের মাধ্যমে কাজ পরিচালনা এবং সাধারণ মানুষকে হয়রানির অভিযোগ রয়েছে। জমির নামজারি ও খতিয়ান সংশোধনের মতো সেবায় অতিরিক্ত অর্থ দাবি এবং টাকা না দিলে ফাইল আটকে রাখার অভিযোগও করেছেন ভুক্তভোগীরা।

কদমতলী এলাকার বাসিন্দা বিল্লাল হোসেন অভিযোগ করেন, জমির নামজারি সংশোধনের জন্য তার কাছে প্রায় পাঁচ লাখ টাকা দাবি করা হয়েছিল। অর্থ দিতে না পারায় দীর্ঘদিনেও তিনি কাজ সম্পন্ন করতে পারেননি বলে জানান।

এছাড়া অতীতে এক নারীকে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগে জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছিল বলে স্থানীয় সূত্রে জানা গেছে। তবে অভিযোগগুলোর দৃশ্যমান অগ্রগতি হয়নি বলে দাবি এলাকাবাসীর।

এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেন, দুলাল চন্দ্র দেবনাথের বিরুদ্ধে ওঠা অভিযোগ খতিয়ে দেখা হবে। সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা প্রচারণার অভিযোগ থাকলে লিখিতভাবে জমা দেওয়ার পরামর্শ দিয়ে তিনি বলেন, “কোনো ভূমি কর্মকর্তা অনিয়মে জড়িত থাকলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয়দের প্রত্যাশা, অভিযোগগুলোর সুষ্ঠু তদন্তের মাধ্যমে ভূমি অফিসে সেবার স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হবে।

Advertisement
Advertisement
Advertisement