নাচোতলে এই প্রথম ‘নাচোল ব্লাড ব্যাংকের উদ্বোধন
নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় মুমূর্ষু রোগীদের জরুরি রক্ত সেবা প্রদানের লক্ষ্যে এই প্রথম আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করল স্বেচ্ছাসেবী সংগঠন ‘নাচোল ব্লাড ব্যাংক’। গত ১৬ জুলাই (বৃহস্পতিবার) বাদ মাগরিব নাচোল থানা রোডের মর্ডান ক্লিনিকের সামনে সংগঠনটির কার্যালয়ে দোয়া মাহফিলের মাধ্যমে এর উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে নাচোল ব্লাড ব্যাংকের পরিচালক মনিরুজ্জামান-এর সভাপতিত্বে ও পরিচালনায় এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত বক্তারা নাচোলের মতো একটি এলাকায় প্রথম ব্লাড ব্যাংক প্রতিষ্ঠার এই উদ্যোগকে অত্যন্ত সময়োপযোগী এবং মানবিক বলে আখ্যায়িত করেন।
বক্তারা বলেন, সঠিক সময়ে রক্ত না পাওয়ার কারণে অনেক রোগীকে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির মুখোমুখি হতে হয়। এই ব্লাড ব্যাংক প্রতিষ্ঠার মাধ্যমে নাচোলের সাধারণ মানুষ সহজেই রক্তের সন্ধান পাবেন এবং অনেক মূল্যবান প্রাণ রক্ষা পাবে।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনাইচন্ডী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহিম, নাচোল বাজার কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা এনামুল হক এবং স্থানীয় গণ্যমান্য সুধীজন ও তরুণ সমাজসেবকবৃন্দ।
আলোচনা সভা শেষে নাচোল ব্লাড ব্যাংকের সার্বিক সাফল্য, সমৃদ্ধি এবং মানবকল্যাণে এর অবদান কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। মোনাজাত পরিচালনা করেন নাচোল বাজার কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম মাওলানা এনামুল হক।
মোনাজাতে উপস্থিত সকলে নতুন এই মানবিক সংগঠনের উত্তরোত্তর সাফল্য এবং এলাকার কল্যাণে কাজ করার তৌফিক কামনা করে সৃষ্টিকর্তার নিকট প্রার্থনা করেন।
উদ্বোধন শেষে পরিচালক মনিরুজ্জামান জানান, "আমরা নাচোলের সর্বস্তরের সাধারণ মানুষ, ব্যবসায়ী ও তরুণ সমাজের সহযোগিতা নিয়ে এই রক্তদান কর্মসূচি এগিয়ে নিতে চাই। রক্ত সংকটে পড়া যেকোনো মানুষের পাশে দাঁড়ানোই আমাদের মূল লক্ষ্য।"