চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবি ৬ লাখ টাকার ভারতীয় নেশাজাতীয় এস্কাফ সিরাপ ও মোবাইল ফোন আটক করেছে
মোঃ জালাল উদ্দীন, রাজশাহী, ব্যুরোঃ
চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এর ০২টি বিশেষ অভিযানে ১২২ বোতল ভারতীয় নেশাজাতীয় এস্কাফ সিরাপ ও ২০টি ভারতীয় মোবাইল ফোন জব্দ করা হয়।
শুক্রবার ১৭ জুলাই ২০২৬ তারিখ চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এর অধীনস্থ মনাকষা বিওপির বিশেষ টহলদল কর্তৃক সকাল ৯টা ৩০ মিনিটে ০১টি অভিযানে শিবগঞ্জ থানাধীন শাহাপাড়া ইউনিয়নের শাহাপাড়া গ্রাম হতে ২৪ বোতল ভারতীয় নেশাজাতীয় এস্কাফ সিরাপ ও ২০টি ভারতীয় মোবাইল ফোন জব্দ করা হয়। এছাড়াও, মনাকষা বিওপির বিশেষ টহলদল কর্তৃক গতকাল ১৬ জুলাই সকাল ৯টার সময় অপর ০১টি অভিযানে শিবগঞ্জ থানাধীন দূর্লভপুর ইউনিয়নের মনোহরপুর গ্রাম হতে ৯৮ বোতল ভারতীয় নেশাজাতীয় এস্কাফ সিরাপ জব্দ করা হয়। জব্দকৃত এস্কাফ সিরাপ ও মোবাইল ফোনের আনুমানিক বাজার মূল্য ৪,৫১,৭০০/- (চার লক্ষ একান্ন হাজার সাতশত) টাকা। জব্দকৃত মাদকদ্রব্য চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানায় এবং মোবাইল ফোন চাঁপাইনবাবগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা করা হয়েছে।
৫৩ বিজিবি বিভিন্ন অভিযানে চলতি জুলাই মাসে ০১ জন আসামীসহ ২৬৯ বোতল নেশাজাতীয় এস্কাফ সিরাপ, ৬৪ বোতল নেশাজাতীয় ফেয়ারডিল সিরাপ, ৪৬ বোতল মদ ও ২১টি মোবাইল ফোন জব্দ করে, যার আনুমানিক বাজার মূল্য ৬,০৫,০০০/- (ছয় লক্ষ পাঁচ হাজার) টাকা।
চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান, পিএসসি, এ বিষয়ের সত্যতা নিশ্চিত করে বলেন, ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত সুরক্ষা নিশ্চিত করা, পুশ ইন প্রতিরোধ করা সহ যেকোনো অবৈধ চোরাচালান প্রতিরোধে এবং বাংলাদেশ সরকারের মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে বিজিবি সবসময় তৎপর রয়েছে ও নিরলসভাবে কাজ করছে।