ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ৫ মাত্রার ভূমিকম্প, ক্ষয়ক্ষতির তথ্য মেলেনি
অনলাইন ডেস্ক:
ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের খুজেস্তান প্রদেশে
রোববার (১৯ জুলাই) রিখটার স্কেলে ৫ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। ভূমিকম্পের
পর সম্ভাব্য ক্ষয়ক্ষতি নিরূপণে ঘটনাস্থলের আশপাশে উদ্ধারকারী দল মোতায়েন করা হয়েছে।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে
জানানো হয়, ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার সংস্থা আইআরআইবি দেশটির ইরানিয়ান রেড ক্রিসেন্ট
সোসাইটির বরাতে এ তথ্য নিশ্চিত করেছে।
প্রতিবেদনে বলা হয়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল
ছিল খুজেস্তান প্রদেশের সালান্দ (Saland) এলাকা। এর কেন্দ্র
ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় ১২ কিলোমিটার গভীরে।
ভূমিকম্পের পর পরিস্থিতি মূল্যায়নে কেন্দ্রস্থলের
আশপাশের কয়েকটি গ্রামে দুটি উদ্ধারকারী দল পাঠানো হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ সম্ভাব্য
ক্ষয়ক্ষতির তথ্য সংগ্রহে কাজ করছে।
তবে সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহত বা উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। পরিস্থিতি পর্যবেক্ষণে সংশ্লিষ্ট সংস্থাগুলো সতর্ক অবস্থানে রয়েছে।