নাচোলে জুলাই শহীদ দিবসে আবু সাঈদের স্মৃতি স্মরণ
নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ঐতিহাসিক 'জুলাই শহীদ দিবস' উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে ১৬ জুলাই (বৃহস্পতিবার) বেলা ১১টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার প্রিয়াংকা দাস এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোছাঃ সুলতানা রাজিয়া, নাচোল থানার অফিসার ইনচার্জ সুকোমল চন্দ্র দেবনাথ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডাঃ ফারহানা নবী।
রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহের খোকন, জামায়াতের উপজেলা আমীর প্রভাষক ইয়াকুব আলী, পৌর নায়েবে আমীর ডাঃ রফিকুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা বিআরডিবি অফিসার হারুন অর রশিদ।
আলোচনা সভায় বক্তারা ২০২৪ সালের জুলাইয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদের পুলিশি গুলিতে বুক পেতে দিয়ে শাহাদাত বরণের ঘটনার স্মৃতিচারণ করেন। বক্তারা উল্লেখ করেন, আবু সাঈদের সেই বীরোচিত মৃত্যুর ঘটনা সে সময় সারা দেশে তীব্র বিক্ষোভ ও গণ-অভ্যুত্থান ছড়িয়ে দিয়েছিল, যা বাংলাদেশের ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করে।
বক্তারা বলেন, দলমত নির্বিশেষে আবু সাঈদের মতো বুক পেতে এই জুলাইয়ের চেতনাকে বাস্তবায়ন করতে সবাইকে সর্বদা ঐক্যবদ্ধ থাকতে হবে। বৈষম্য দূরীকরণের লক্ষ্যে জুলাই আন্দোলনে যেসকল বীর শহীদরা প্রাণ দিয়েছেন, তাদের রক্তের কথা দেশবাসী যেন কখনো ভুলে না যায়।
দেশের আর কোনো মায়ের বুক যেন এভাবে খালি না হয় এবং এমন রক্তক্ষয়ী দিন যেন আর দেখতে না হয়, সেই লক্ষ্যে প্রশাসন, রাজনৈতিক দল ও সাধারণ জনগণকে একসাথে কাজ করতে হবে।
সভার শেষভাগে জুলাই গণ-অভ্যুত্থানে নিহত সকল শহীদদের আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। উক্ত সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।