ভোলাহাট সীমান্তের ২৫ যুবককে ইলেকট্রিক্যাল প্রশিক্ষণ দিচ্ছে বিজিবি
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
বুধবার (৩০ সেপ্টেম্বর) ভোলাহাট উপজেলার আলালপুর দারুস সুন্নাত দাখিল মাদ্রাসায় সীমান্ত ডিজিটাল স্কিল সেন্টারের উদ্যোগে এ প্রশিক্ষণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এতে সীমান্তবর্তী এলাকার ২৫ জন যুবক অংশ নিয়েছেন।
মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) সূত্র জানায়, প্রশিক্ষণ কর্মসূচিতে বাসাবাড়ি ও বহুতল ভবনে নিরাপদ বৈদ্যুতিক সংযোগ স্থাপনের পাশাপাশি বৈদ্যুতিক ত্রুটি শনাক্ত ও তা সমাধানের কৌশল শেখানো হবে। একই সঙ্গে বিভিন্ন ধরনের বৈদ্যুতিক সরঞ্জাম নিরাপদভাবে স্থাপন ও ব্যবহারের বিষয়ে দেওয়া হবে তাত্ত্বিক ও ব্যবহারিক প্রশিক্ষণ।
প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করছেন চাঁপাইনবাবগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের ইলেকট্রিক্যাল বিভাগের দুইজন অভিজ্ঞ প্রশিক্ষক। নিয়মিত ক্লাসের মাধ্যমে অংশগ্রহণকারীদের হাতে-কলমে বিভিন্ন কারিগরি বিষয়ে দক্ষ করে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।
প্রশিক্ষণ শুরুর অনুষ্ঠানে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী বলেন, সীমান্ত এলাকার তরুণদের কারিগরি জ্ঞান ও দক্ষতায় সমৃদ্ধ করে আত্মকর্মসংস্থানের সুযোগ তৈরি করাই এ উদ্যোগের অন্যতম উদ্দেশ্য।
তিনি বলেন, কর্মমুখী প্রশিক্ষণের মাধ্যমে যুবকদের জন্য বিকল্প আয়ের পথ তৈরি হলে তারা নিজেদের ভবিষ্যৎ গড়ার পাশাপাশি পরিবার ও স্থানীয় অর্থনীতিতেও ভূমিকা রাখতে পারবেন। একই সঙ্গে সীমান্ত এলাকায় চোরাচালানসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড থেকে তরুণদের দূরে রাখতেও এ ধরনের উদ্যোগ সহায়ক হতে পারে।
বিজিবি অধিনায়ক আরও বলেন, মানবকল্যাণের পাশাপাশি সীমান্তবর্তী এলাকার সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে জনকল্যাণমূলক বিভিন্ন কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত রাখার উদ্যোগ রয়েছে।
সংশ্লিষ্টরা আশা করছেন, প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী যুবকেরা অর্জিত কারিগরি দক্ষতা কাজে লাগিয়ে স্থানীয়ভাবে কাজের সুযোগ তৈরি করতে পারবেন। বিশেষ করে বাড়িঘর ও ভবনের বৈদ্যুতিক সংযোগ, ওয়্যারিং এবং বৈদ্যুতিক সরঞ্জাম স্থাপনের মতো কাজে প্রশিক্ষিত জনবলের চাহিদা রয়েছে।
সীমান্ত ডিজিটাল স্কিল সেন্টারের এ উদ্যোগ স্থানীয় তরুণদের কর্মমুখী দক্ষতা বৃদ্ধির পাশাপাশি তাদের আত্মনির্ভরশীল হওয়ার পথও তৈরি করতে পারে। এর মাধ্যমে সীমান্তবর্তী এলাকায় সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নের নতুন সুযোগ সৃষ্টি হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি, প্রশিক্ষক, বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।