শিবগঞ্জে সাড়ে ৬ কেজি হেরোইন উদ্ধার, গ্রেপ্তার ১
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অভিযান চালিয়ে ৬ কেজি ৭৫১ গ্রাম হেরোইন উদ্ধারের দাবি করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৫, রাজশাহী। এ ঘটনায় মো. মেহেদী হাসান (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানের সময় মো. আল-মামুন (৪০) নামে আরও একজন পালিয়ে গেছেন বলে জানিয়েছে সংস্থাটি।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে শিবগঞ্জ উপজেলার ওমরপুর হঠাৎপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
এসআরবি-৫-এর প্রেস বিজ্ঞপ্তি অনুযায়ী, গোপন সংবাদের ভিত্তিতে সদর কোম্পানির একটি দল ওমরপুর হঠাৎপাড়া এলাকায় মেহেদী হাসানের বাড়িতে অভিযান চালায়। সেখান থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পরে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে বাড়ির সামনে খড়ি রাখার ঘরে তল্লাশি চালানো হয়। সেখান থেকে ৬ কেজি ৭৫১ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে বলে দাবি করেছে এসআরবি।
গ্রেপ্তার মেহেদী হাসান শিবগঞ্জ উপজেলার ওমরপুর হঠাৎপাড়া এলাকার মৃত মফিজ উদ্দিনের ছেলে। সংস্থাটির ভাষ্য, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি হেরোইনগুলো বিক্রির উদ্দেশ্যে নিজের কাছে রেখেছিলেন বলে স্বীকার করেছেন।
| আরো পড়ুন---শিবগঞ্জ সীমান্তে চার ভারতীয় মোবাইলসহ যুবক আটক |
এসআরবি-৫ আরও জানিয়েছে, মেহেদী হাসান ও পলাতক আল-মামুন দীর্ঘদিন ধরে বিভিন্ন উৎস থেকে হেরোইন সংগ্রহ করে চাঁপাইনবাবগঞ্জসহ রাজশাহী বিভাগের বিভিন্ন এলাকায় কেনাবেচার সঙ্গে জড়িত ছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।
এ ঘটনায় গ্রেপ্তার মেহেদী হাসানের বিরুদ্ধে শিবগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।