নাচোল রেলষ্টেশন প্লাটফর্মে দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনে ড্রেন নির্মাণ করলেন জামায়াত নেতা মনিরুল
নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের নাচোল রেলস্টেশন প্লাটফর্মের দীর্ঘদিনের জলাবদ্ধতা দূর করে জনসাধারণ ও যাত্রীদের চলাচল নির্বিঘ্ন করার লক্ষ্যে নিজস্ব উদ্যোগে একটি পাকা ড্রেন নির্মাণ করে দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নাচোল পৌরসভার আমীর ও মেয়র পদপ্রার্থী মনিরুল ইসলাম।
শুক্রবার (১৭ জুলাই) দুপুরে রেলষ্টেশন প্লাটফর্মে উপস্থিত হয়ে তিনি আনুষ্ঠানিকভাবে এই ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন করেন। এ সময় জামায়াত নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং রেলষ্টেশন কর্তৃপক্ষ উপস্থিত ছিলেন।
দীর্ঘদিন ধরে নাচোল রেলষ্টেশন প্লাটফর্মে সামান্য বৃষ্টি হলেই জলাবদ্ধতার সৃষ্টি হতো। ফলে যাত্রী ও জনসাধারণের চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হতো। প্লাটফর্মের পাশে চা দোকান ও অন্যান্য দোকানগুলোর সামনে পানি জমে থাকার ফলে পরিবেশ নোংরা হয়ে পড়ত। স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে রেল কর্তৃপক্ষের কাছে এই সমস্যার কথা জানিয়েও কোনো সমাধান পাওয়া যায়নি।
এমতাবস্থায়, সমাজ সেবক মনিরুল ইসলাম বিষয়টি অনুধাবন করে নিজ উদ্যোগে জলাবদ্ধতা নিরসনের উদ্যোগ নেন। তিনি রেলষ্টেশন কর্তৃপক্ষের সাথে কথা বলে এবং স্থানীয়দের সাথে পরামর্শ করে প্লাটফর্মের পাশে একটি পাকা ড্রেন নির্মাণের সিদ্ধান্ত নেন। শুক্রবার আনুষ্ঠানিকভাবে কাজ শুরুর পর দ্রুততার সাথে ড্রেনটি নির্মাণ সম্পন্ন করা হবে বলে জানা গেছে।
নতুন এই ড্রেন নির্মাণের ফলে রেলষ্টেশন প্লাটফর্মের জলাবদ্ধতা সমস্যা চিরতরে দূর হবে বলে আশা করা হচ্ছে। এর ফলে যাত্রী ও জনসাধারণের চলাচল নির্বিঘ্ন হবে এবং রেলষ্টেশনের পরিবেশও উন্নত হবে। স্থানীয়রা এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং মনিরুল ইসলামের এই জনকল্যাণমূলক কাজের প্রশংসা করেছেন।
উদ্বোধনকালে মনিরুল ইসলাম বলেন, "নাচোল রেলষ্টেশন আমাদের একটি গুরুত্বপূর্ণ স্থান। দীর্ঘদিন ধরে জলাবদ্ধতার কারণে এখানকার যাত্রী ও জনসাধারণের দুর্ভোগ পোহাতে হচ্ছিল। বিষয়টি আমাকে কষ্ট দিচ্ছিল। তাই আমি নিজস্ব উদ্যোগে এই ড্রেন নির্মাণের উদ্যোগ নিয়েছি। এই ড্রেনটি নির্মাণের ফলে জলাবদ্ধতা সমস্যা দূর হবে এবং সকলের যাতায়াত সহজ হবে বলে আমি আশা করি।"
তিনি আরও বলেন, "আমরা সকলে মিলে নাচোলের উন্নয়ন করতে চাই। দল মত নির্বিশেষে সকলের সহযোগিতা কামনা করছি।"
এ সময় স্থানীয়রা জানান, মনিরুল ইসলাম দীর্ঘদিন ধরে নাচোলে বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক উন্নয়ন কর্মকাণ্ডে নিয়মিত সহযোগিতা করে আসছেন। তার এই নতুন উদ্যোগটিও জনস্বার্থে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা আশা করেন, এই ধরণের উদ্যোগ অব্যাহত থাকবে এবং নাচোলের সার্বিক উন্নয়নে তার অবদান থাকবে।
নাচোল রেলষ্টেশন কর্তৃপক্ষের পক্ষ থেকেও এই উদ্যোগের প্রশংসা করা হয়েছে। তারা জানান, দীর্ঘদিন ধরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাকা ড্রেনের প্রয়োজনীয়তা জানানো সত্ত্বেও কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি। জামায়াত পৌর আমীর মনিরুল ইসলাম বিষয়টি অনুধাবন করে নিজ উদ্যোগে ড্রেনের কাজ করে দিচ্ছেন, এটি একটি মানবিক কাজ।
মনিরুল ইসলাম প্লাটফর্মের সৌন্দর্য বৃদ্ধিতে সকলের সহযোগিতা কামনা করেন এবং প্লাটফর্মের আশেপাশের চা স্টল ও দোকানগুলোর প্রতি আহ্বান জানান যে, তারা যেন তাদের আবর্জনা নির্দিষ্ট স্থানে ফেলে প্লাটফর্মের সৌন্দর্য বজায় রাখেন। পরদিন পৌর আমীর মনিরুল ইসলাম সরজমিনে ড্রেনের কার্যক্রম পরিদর্শন করেন।
এই ড্রেন নির্মাণের মাধ্যমে নাচোল রেলষ্টেশনের জলাবদ্ধতা সমস্যার সমাধান হওয়ার পাশাপাশি মনিরুল ইসলামের জনকল্যাণমূলক কাজের প্রশংসা চারদিকে ছড়িয়ে পড়ছে।