সংবাদ শিরোনাম

সরকারি বিদ্যালয়কে টেক্কা দিচ্ছে অজপাড়াগায়ের বেসরকারি বিদ্যালয়: এবার প্রাথমিকে ৯ বৃত্তি

 প্রকাশ: ১৬ জুলাই ২০২৬, ১২:৩০ অপরাহ্ন   |   রাজশাহী

সরকারি বিদ্যালয়কে টেক্কা দিচ্ছে অজপাড়াগায়ের বেসরকারি বিদ্যালয়: এবার প্রাথমিকে ৯ বৃত্তি

নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার কসবা ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চলের একটি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় এবার প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অভাবনীয় সাফল্য অর্জন করেছে। উপজেলার মূল স্রোতের অনেক সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পেছনে ফেলে অজপাড়াগায়ের এই শিক্ষাপ্রতিষ্ঠানটি সংশ্লিষ্ট শিক্ষা অধিদপ্তর ও সচেতন মহলের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছে।

​সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কসবা ইউনিয়নের গোলাবাড়ী ঈদগাহ পাড়া উজিরপুর 'অঙ্গনা বেসরকারি প্রাথমিক বিদ্যালয়' থেকে ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় মোট ১১ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। এর মধ্যে অভাবনীয় সাফল্য অর্জন করে মোট ৯ জন শিক্ষার্থী বৃত্তি লাভ করেছে। উত্তীর্ণদের মধ্যে ২ জন ট্যালেন্টপুলে (মেধাবৃত্তি) এবং ৭ জন সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে।


​বিদ্যালয়ের এই সাফল্যে সন্তোষ প্রকাশ করে প্রধান শিক্ষক সুলতানা খাতুন জানান, ২০১৮ সালে সম্পূর্ণ গ্রামীণ ও প্রতিকূল পরিবেশের মধ্য দিয়ে এই বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম শুরু হয়। স্থানীয় অভিভাবকদের আস্থা ও শিক্ষকদের নিরলস পরিশ্রমে বর্তমানে বিদ্যালয়টির শিক্ষার্থী সংখ্যা দাঁড়িয়েছে ২৫৬ জনে। এর আগে ২০২২ সালেও এই বিদ্যালয় থেকে ২ জন শিক্ষার্থী বৃত্তি পরীক্ষায় অংশ নিয়ে ১ জন সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছিল।

​প্রধান শিক্ষক আরও বলেন, "আমাদের শিক্ষকরা শিক্ষার্থীদের প্রতি অত্যন্ত যত্নশীল। তবে প্রত্যন্ত এলাকায় অবস্থিত হওয়ায় অবকাঠামোগত কিছু সীমাবদ্ধতা রয়েছে। বিদ্যালয়টিতে যদি আরও সুন্দর ও উন্নত পরিবেশ নিশ্চিত করা যায়, তবে আগামীতে শিক্ষার্থীরা আরও ভালো ফলাফল করে এগিয়ে যেতে সক্ষম হবে।"

এদিকে স্থানীয় সচেতন মহল বলছেন, যেখানে সরকারি সুযোগ-সুবিধা পেয়েও অনেক সরকারি প্রাথমিক বিদ্যালয় কাঙ্ক্ষিত ফলাফল করতে পারছে না, সেখানে প্রত্যন্ত এলাকার অঙ্গনা বে-সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে বৃত্তি পরীক্ষায় ১১ জন অংশ নিয়ে  ৯ জন বৃত্তি পাওয়া সত্যিই প্রশংসনীয়।

​অন্যদিকে, একই উপজেলার ম্বফসল এলাকার ফতেপুর ইউনিয়নের মল্লিকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সদরের ভালো বিদ্যালয়কে টেক্কা দিয়ে এবার ৫ জন ট্যালেন্টপুলে এবং ১০ জন সাধারণ গ্রেডে বৃত্তি পায়। 

তবে সীমিত সম্পদের মধ্যে অঙ্গনা বে-সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এই লড়াকু সাফল্য উপজেলার শিক্ষাঙ্গনে এক নতুন উদ্দীপনার সৃষ্টি করেছে। 

স্থানীয় শিক্ষা সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন, এ ধরনের বেসরকারি উদ্যোগকে সরকারিভাবে কিছুটা পৃষ্ঠপোষকতা ও অবকাঠামোগত সহযোগিতা দিলে গ্রামীণ জনপদে শিক্ষার মান আরও ত্বরান্বিত হবে।

Advertisement
Advertisement
Advertisement