সংবাদ শিরোনাম

পশ্চিম তীরে হামলায় প্রাণ গেল কিশোর ফুটবলারের!

 প্রকাশ: ১৯ জুলাই ২০২৬, ১২:৫৬ অপরাহ্ন   |   খেলাধুলা

পশ্চিম তীরে হামলায় প্রাণ গেল কিশোর ফুটবলারের!

আন্তর্জাতিক ডেস্ক:

অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলায় গুলিবিদ্ধ হয়ে এক সপ্তাহ মৃত্যুর সঙ্গে লড়াই করার পর প্রাণ হারিয়েছে ফিলিস্তিনের জাতীয় যুব ফুটবল দলের খেলোয়াড় ফাদি হামদাল্লাহ আল-নাসসান। শনিবার ১৭ বছর বয়সী এই কিশোরের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তার স্বজন ও ফিলিস্তিনি কর্মকর্তারা।

গত ১১ জুলাই পশ্চিম তীরের আল-মুঘাইয়ির গ্রামে হামলার সময় তিনি গুলিবিদ্ধ হন। পরে চিকিৎসার অংশ হিসেবে তার একটি পা কেটে ফেলতে হলেও শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি।

ফাদি আল-মুঘাইয়ির ক্লাবের হয়ে খেলতেন এবং ফিলিস্তিনের জাতীয় যুব ফুটবল দলের সদস্য ছিলেন। শনিবার রামাল্লার প্যালেস্টাইন মেডিকেল কমপ্লেক্স থেকে তার মরদেহ নিজ গ্রাম আল-মুঘাইয়িরে নেওয়া হলে সেখানে স্বজন, সতীর্থ ও স্থানীয় বাসিন্দারা শেষ বিদায় জানান।

ফিলিস্তিন ফুটবল অ্যাসোসিয়েশনের (পিএফএ) দাবি, বসতি স্থাপনকারীদের হামলার সময় ইসরায়েলি বাহিনীর গুলিতে ফাদি উরুতে আহত হন। পরে তার অবস্থার অবনতি হলে অস্ত্রোপচারের মাধ্যমে একটি পা কেটে ফেলতে হয়। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে সংস্থাটি জানিয়েছে, ২০২৩ সালের ৭ অক্টোবরের পর থেকে ফিলিস্তিনের ক্রীড়াঙ্গনে নিহতের সংখ্যা বেড়ে ১ হাজার ১৩ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে ৫৬৮ জন ফুটবল পরিবারের সদস্য।

ফাদির বাবা হামদাল্লাহ আল-নাসসান বলেন, হামলার সময় নারী ও শিশুদের চিৎকার শুনে তার ছেলে ঘটনাস্থলের দিকে ছুটে যায়। সেখানেই সে গুলিবিদ্ধ হয়। তার মা হানান আল-নাসসান বলেন, ফাদি একজন ভালো ছাত্র ছিল। খেলাধুলা, বিশেষ করে ফুটবলের প্রতি তার গভীর অনুরাগ ছিল এবং সবাই তাকে ভালোবাসত।

ফাদির মৃত্যু পশ্চিম তীরে ফিলিস্তিনি জনগোষ্ঠীর ওপর ইসরায়েলি বসতি স্থাপনকারী ও সেনাদের সহিংসতা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে। ১৯৬৭ সাল থেকে অধিকৃত এই অঞ্চলে ইসরায়েল ধারাবাহিকভাবে বসতি সম্প্রসারণ করে আসছে, যা আন্তর্জাতিক আইন অনুযায়ী অবৈধ। বিভিন্ন মানবাধিকার সংস্থা এবং জাতিসংঘ পশ্চিম তীরে ইসরায়েলের নীতিকে বর্ণবৈষম্যমূলক ব্যবস্থা হিসেবে আখ্যায়িত করেছে।

এদিকে শনিবার পশ্চিম তীরের আরও কয়েকটি এলাকায় নতুন সহিংসতার ঘটনা ঘটেছে। ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফার তথ্য অনুযায়ী, রামাল্লার কাছে দেইর কাদ্দিস এলাকায় ইসরায়েলি সেনারা কৃষকদের লক্ষ্য করে গুলি ও কাঁদানে গ্যাস ছোড়ে। এতে আগুন লেগে বহু জলপাইগাছ পুড়ে যায়। স্থানীয়দের অভিযোগ, দমকলকর্মীদের ঘটনাস্থলে পৌঁছাতে বাধা দেওয়ায় আগুন আরও ছড়িয়ে পড়ে।

একই দিনে নাবলুসের কাছে তাল শহরে বসতি স্থাপনকারীরা একটি ফিলিস্তিনি পরিবারের বাড়িতে আগুন ধরিয়ে দেয়, যা সম্পূর্ণ পুড়ে যায় বলে জানিয়েছে ওয়াফা। পাশাপাশি জেনিনের কাছে ইয়াবাদ ও মিথলুন শহরে ইসরায়েলি বাহিনী অভিযান চালিয়ে একাধিক বাড়িতে তল্লাশি চালায়। স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, পশ্চিম তীরজুড়ে এমন অভিযান ও বসতি স্থাপনকারীদের হামলা এখন প্রায় প্রতিদিনের ঘটনায় পরিণত হয়েছে।

সূত্র: আলজাজিরা

Advertisement
Advertisement
Advertisement