মিয়ামিতে গ্রেপ্তার টেট ভ্রাতৃদ্বয়, যুক্তরাজ্যের নতুন অভিযোগ
আর্ন্তজাতিক ডেস্ক:
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের মিয়ামিতে সিল করা গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে আলোচিত প্রভাবশালী ভাই অ্যান্ড্রু টেট ও ট্রিস্টান টেটকে গ্রেপ্তার করেছে যুক্তরাষ্ট্র মার্শালস সার্ভিস। একই সময়ে যুক্তরাজ্য সরকার ধর্ষণ, যৌন পাচারসহ নতুন অভিযোগে দুই ভাইকে বিচারের মুখোমুখি করতে তাদের প্রত্যর্পণ চাইবে বলে জানিয়েছে।
রোববার যুক্তরাজ্যের ক্রাউন প্রসিকিউশন সার্ভিস (সিপিএস) জানায়, ৩৯ বছর বয়সী অ্যান্ড্রু টেটের বিরুদ্ধে সাতটি ধর্ষণ, তিনটি যৌন পাচার, তিনটি হামলা এবং শিশুদের অশালীন ছবি ও চরম পর্নোগ্রাফি-সংক্রান্ত অপরাধে আরও ১৯টি অভিযোগ আনা হবে।
৩৮ বছর বয়সী ট্রিস্টান টেটের বিরুদ্ধে একটি যৌন নিপীড়ন, দুটি ধর্ষণ এবং যৌন শোষণের উদ্দেশ্যে মানব পাচার সংগঠিত বা সহায়তার তিনটি অভিযোগ আনার ঘোষণা দিয়েছে সিপিএস।
এর আগে যুক্তরাজ্যে তিনজন ভুক্তভোগীকে ঘিরে ধর্ষণ, মানব পাচার ও শারীরিক আঘাতসহ মোট ২১টি অভিযোগে দুই ভাইয়ের বিরুদ্ধে বিচারপ্রক্রিয়া চলছিল। নতুন অভিযোগ যুক্ত হওয়ায় মামলাগুলোর মোট অভিযোগকারী বা ভুক্তভোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে সাতজনে। সিপিএসের তথ্য অনুযায়ী, নতুন অভিযোগে উল্লেখিত ঘটনাগুলো ২০১০ সালের জুলাই থেকে ২০১৭ সালের আগস্টের মধ্যে সংঘটিত হয়েছে বলে অভিযোগ।
টেট ভাইদের আইনজীবী জোসেফ ম্যাকব্রাইড এক বিবৃতিতে দাবি করেছেন, তার মক্কেলরা শেষ পর্যন্ত মুক্তি পাবেন। তার ভাষ্য, আদালত প্রকৃত তথ্য বিবেচনা করলে এবং যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ বিষয়টি পর্যালোচনা করলে অভিযোগগুলো টিকবে না।
২০২২ সালে রোমানিয়ায় গ্রেপ্তার হওয়ার পর টেট ভাইদের বিরুদ্ধে সেখানেও ধর্ষণ ও মানব পাচারসহ পৃথক এবং এ মামলার সঙ্গে সম্পর্কহীন একাধিক অভিযোগ রয়েছে।
বিলাসবহুল জীবনযাপন ও সামাজিক যোগাযোগমাধ্যমে বিতর্কিত উপস্থিতির কারণে অ্যান্ড্রু ও ট্রিস্টান টেট বিশ্বজুড়ে পরিচিতি পান। নারীবিদ্বেষী ও আপত্তিকর মন্তব্যের অভিযোগে তারা বহুবার সমালোচনার মুখে পড়েছেন, যা তাদের আইনি জটিলতা শুরুর আগেই ব্যাপক আলোচিত ছিল।
বিতর্ক সত্ত্বেও বিশেষ করে যুক্তরাষ্ট্রে তাদের বড় একটি অনলাইন অনুসারী গোষ্ঠী রয়েছে। ২০২৫ সালে প্রকাশিত এক প্রতিবেদনে দাবি করা হয়, মার্কিন কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশন (সিবিপি) তাদের ইলেকট্রনিক ডিভাইস জব্দ করার পর হোয়াইট হাউসের এক কর্মকর্তা তাদের পক্ষে হস্তক্ষেপ করেছিলেন।
অ্যান্ড্রু টেট ও ট্রিস্টান টেট তাদের বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেছেন।