সারিয়াকান্দিতে স্কুল ছাত্র মুস্তাকিম হত্যাকারীদের বিচারের দাবিতে উত্তাল উপজেলা, শিক্ষার্থীদের মানববন্ধন
সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি :
বগুড়ার সারিয়াকান্দিতে নিহত স্কুল ছাত্র আব্দুল্লাহ আল সায়েম মুস্তাকিমের হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করেছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। শত শত শিক্ষার্থীর অংশগ্রহণে আয়োজিত এ মানববন্ধনে পুরো উপজেলা এলাকায় প্রতিবাদের আবহ সৃষ্টি হয়।
মানববন্ধনে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা বলেন, একজন মেধাবী শিক্ষার্থীকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। তারা এ ঘটনার সঙ্গে জড়িত সকল আসামিকে দ্রুত আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান। এ সময় তারা বিভিন্ন স্লোগান দিয়ে হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন।
বক্তারা বলেন, শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনকে আরও কঠোর ভূমিকা পালন করতে হবে। অন্যথায় ভবিষ্যতে এ ধরনের ঘটনা আরও বৃদ্ধি পেতে পারে। তারা মুস্তাকিম হত্যার সুষ্ঠু তদন্ত ও দ্রুত বিচার দাবি করেন।
উল্লেখ্য, গত ২১ মে সারিয়াকান্দি উপজেলার নওখিলা এলাকায় ফুটবল খেলাকে কেন্দ্র করে বিরোধের জেরে নবম শ্রেণির শিক্ষার্থী আব্দুল্লাহ আল সায়েম মুস্তাকিমের ওপর হামলা চালানো হয়। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে এবং পুলিশ ইতোমধ্যে একজন আসামিকে গ্রেপ্তার করেছে।