চাঁপাইনবাবগঞ্জে সপ্তাহব্যাপী বিনামূল্যে চোখের লেন্সসহ ছানি অপারেশনের উদ্বোধন
মোঃআশরাফুল ইসলাম চাঁপাইনবাবগঞ্জ:
চাঁপাইনবাবগঞ্জে সপ্তাহব্যাপী বিনামূল্যে ১ হাজার অসহায় মানুষের চোখের লেন্সসহ ছানি অপারেশন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। সোমবার সকালে শাহনেয়ামতুল্লাহ ইয়াতিমখানা প্রাঙ্গণে এ কার্যক্রমের উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জ জেলা ডক্টর এসোসিয়েশন অব বাংলাদেশ-ড্যাবের সভাপতি ডা. ময়েজ উদ্দিন। ঢাকাস্থ চাঁপাইনবাবগঞ্জ জেলা সমিতির আয়োজনে দিনাজপুরের গাওসুল আযম বিএনএসবি আই হসপিটালের সহযোগিতায় এ চক্ষু ক্যাম্পে বিনামূল্যে চিকিৎসা, রোগীর ছানি অপারেশন ও লেন্স স্থাপন করা হবে।
রোগীদের অপারেশন, ওষুধ, চিকিৎসাকালীন থাকা-খাওয়াসহ যাবতীয় খরচ বহন করবে সংস্থাটি। দিনাজপুরের গাওসুল আযম বিএনএসবি আই হসপিটালের ৯ জনের মেডিকেল টিম ক্যাম্পে চিকিৎসা প্রদান করছেন। সমাজের যারা অর্থের অভাবে চোখের অপারেশন করতে পারছে না মূলত এটি অনেক বড় উপকার এ অসহায় মানুষদের জন্য জানান ঢাকাস্থ চাঁপাইনবাবগঞ্জ জেলা সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট দেলওয়ার হোসেন।
দরিদ্র অসহায় মানুষের চোখের আলো ফিরিয়ে দিতে নিঃস্বার্থভাবে কাজ করছেন জানিয়ে ঢাকাস্থ চাঁপাইনবাবগঞ্জ জেলা সমিতির সভাপতি প্রকৌশলী নূরুল ইসলাম বলেন, ১০০ জন করে পর্যায়ক্রমে রোগীদের অপারেশন করা হবে।