সংবাদ শিরোনাম

নাচোলে ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সদস্যদের মাঝে পরিচিতি কার্ড বিতরণ

 প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৩ পূর্বাহ্ন   |   রাজশাহী

নাচোলে ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সদস্যদের মাঝে পরিচিতি কার্ড বিতরণ


​নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের আয়োজনে শ্রমিক সদস্যদের মাঝে পরিচিতি কার্ড বিতরণ অনুষ্ঠিত হয়েছে। 

২৩ সেপ্টেম্বর বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলা পরিষদ মিনি কনফারেন্স রুমে এই পরিচিতি কার্ড বিতরণ সভার আয়োজন করা হয়।

​নাচোল উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ আজিজুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান ও শ্রমিকদের মাঝে কার্ড বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার প্রিয়াংকা দাস।

​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাচোল থানার অফিসার ইনচার্জ সুকোমল চন্দ্র দেবনাথ এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা দুলাল উদ্দিন। সম্পূর্ণ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মাহিদুর রহমান।

​প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার প্রিয়াংকা দাস বলেন, "চাঁপাইনবাবগঞ্জ জেলার শ্রমিকরা দেশ ও বিদেশে অত্যন্ত সুনামের সাথে কাজ করে আসছেন।" আগামীতেও এই সম্মান ও সুনাম ধরে রাখার জন্য তিনি শ্রমিকদের বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন। 

তিনি আরও উল্লেখ করেন যে, প্রতিটি শ্রমিক সদস্যের সাথে সর্বদা পরিচিতি কার্ড থাকা অত্যন্ত জরুরি। দেশের বিভিন্ন স্থানে কাজ করতে যাওয়ার সময় শর্তসাপেক্ষে চুক্তি স্বাক্ষরের মাধ্যমে কাজ করার পরামর্শ দিয়ে তিনি বলেন, এতে করে কোনো শ্রমিক হয়রানির শিকার হবেন না। পাশাপাশি শ্রমিকরা যেকোনো সমস্যায় পড়লে প্রশাসনের পক্ষ থেকে আইনি সহযোগিতা প্রদানের আশ্বাস দেন তিনি।

​বিশেষ অতিথির বক্তব্যে নাচোল থানার অফিসার ইনচার্জ সুকোমল চন্দ্র দেবনাথ এই পরিচিতি কার্ড ব্যবহারের বিভিন্ন সুফল তুলে ধরে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন। এছাড়াও কাজ করতে গিয়ে কোন সমস্যায় পড়লে সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন।

​উল্লেখ্য, নাচোল উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের আওতায় প্রায় এক হাজার সদস্য রয়েছে। আয়োজকরা জানান, এই পরিচিতি কার্ড বিতরণের মাধ্যমে সংগঠনের শৃঙ্খলা বৃদ্ধি পাবে এবং শ্রমিকদের পেশাগত নিরাপত্তায় তা বিশেষ ভূমিকা রাখবে।