চাঁপাইনবাবগঞ্জে মাদক, বাল্যবিবাহ ও ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভা
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
মাদক, বাল্যবিবাহ, নৈতিক অবক্ষয় ও ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকালে আমনুরা মিশন প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সভা অনুষ্ঠিত হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চাঁপাইনবাবগঞ্জের সহযোগিতায় ন্যাশনাল এজেন্সি ফর গ্রীণ রেভ্যুলেশন (এনএজিআর) ও এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে সভাটির আয়োজন করা হয়।
এনএজিআর চাঁপাইনবাবগঞ্জের সহ-সভাপতি রবীন্দ্রনাথ হেমব্রমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী। বিশেষ অতিথি ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চাঁপাইনবাবগঞ্জের উপপরিচালক চৌধুরী ইমরুল হাসান এবং ৩ নম্বর ঝিলিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম লুৎফুল হাসান (লৎফর)।
সভায় প্রধান অতিথি বলেন, মাদক ব্যক্তি, পরিবার ও সমাজের জন্য মারাত্মক ক্ষতিকর। মাদকাসক্তির কারণে মানুষের শারীরিক ও মানসিক ক্ষতির পাশাপাশি সামাজিক অস্থিরতাও তৈরি হয়। একই সঙ্গে বাল্যবিবাহ মেয়েদের শারীরিক ও মানসিক বিকাশে বাধা সৃষ্টি করে এবং তাদের ভবিষ্যৎ জীবনকে ঝুঁকির মধ্যে ফেলে।
তিনি ডেঙ্গু প্রতিরোধে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে বলেন, জমে থাকা পরিষ্কার পানিতে এডিস মশা বংশবিস্তার করে। তাই বাড়ি ও প্রতিষ্ঠানের আশপাশে টব, ডাবের খোসা, পুরোনো টায়ারসহ যেসব স্থানে পানি জমতে পারে, সেগুলো নিয়মিত পরিষ্কার রাখতে হবে।
বিশেষ অতিথিরা বলেন, মাদকাসক্তির কারণে অনেকে চুরি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধ ও অসামাজিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে। অনেক ক্ষেত্রে কৌতূহল বা বন্ধুদের প্ররোচনায় মাদক গ্রহণের শুরু হয়। তাই শিশু-কিশোরদের মাদক থেকে দূরে রাখতে পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।
বাল্যবিবাহকে সামাজিক ব্যাধি উল্লেখ করে বক্তারা বলেন, অল্প বয়সে বিয়ের কারণে মেয়েদের স্বাভাবিক মানসিক বিকাশ বাধাগ্রস্ত হয় এবং তারা বিভিন্ন ধরনের পারিবারিক সহিংসতার শিকার হতে পারে। বাল্যবিবাহ প্রতিরোধে পরিবার, সমাজ ও প্রশাসনকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। প্রয়োজনে জরুরি সহায়তার জন্য ৯৯৯ নম্বরে যোগাযোগ করার আহ্বান জানানো হয়।
সভায় ডেঙ্গু প্রতিরোধে বাড়িঘর, অফিস, দোকানপাট, ব্যবসাপ্রতিষ্ঠান ও শিক্ষাপ্রতিষ্ঠানের আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি শিশুদের ছোটবেলা থেকেই নৈতিক শিক্ষা ও পরিচ্ছন্নতার অভ্যাস গড়ে তুলতে অভিভাবকদের প্রতি আহ্বান জানানো হয়।
অনুষ্ঠানে মাদকবিরোধী লাল কার্ড প্রদর্শন ও শপথবাক্য পাঠ করান জেলা প্রশাসক আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পক্ষ থেকে শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।