বাড়ি বাড়ি বিশুদ্ধ পানি পৌঁছে দিতে চাঁপাইনবাবগঞ্জে পাইলট প্রকল্প
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ইউনিয়ন পর্যায়ে বাড়ি বাড়ি বিশুদ্ধ ও আর্সেনিকমুক্ত খাবার পানি পৌঁছে দিতে পাইলট প্রকল্প গ্রহণের উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে ভূগর্ভস্থ পানি পরিশোধন করে পাইপলাইনের মাধ্যমে সরবরাহের জন্য সম্ভাব্য তিনটি স্থান পরিদর্শন করেছেন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য নূরুল ইসলাম বুলবুল।
পরিদর্শনকালে প্রকল্প বাস্তবায়নের জন্য উপযুক্ত স্থান, পানি সরবরাহের সম্ভাবনা এবং অবকাঠামোগত বিভিন্ন বিষয় পর্যালোচনা করা হয়। শিগগিরই সম্ভাব্য স্থানগুলোর মধ্য থেকে একটি চূড়ান্ত করে প্রকল্পের কাজ শুরু করার কথা রয়েছে।
সংশ্লিষ্টরা জানান, পাইলট প্রকল্পটি সফলভাবে বাস্তবায়ন করা গেলে পর্যায়ক্রমে সদর উপজেলার ইউনিয়নগুলোর বিভিন্ন এলাকায় পাইপলাইনের মাধ্যমে বাড়ি বাড়ি আর্সেনিকমুক্ত ও বিশুদ্ধ খাবার পানি সরবরাহের উদ্যোগ নেওয়া হবে। এতে নিরাপদ পানির সংকটে থাকা মানুষের জন্য সুপেয় পানির সুযোগ বাড়বে।
পরিদর্শনকালে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের দুইজন নির্বাহী প্রকৌশলী, একজন তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও জেলার প্রধান প্রকৌশলীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।