কেরুর মদের ওপর ভ্যাট, লিটারে দাম বাড়বে ৫০০ টাকা
প্রতিদিনের দেশ ডেস্ক :
প্রস্তাবিত ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান কেরু অ্যান্ড কোম্পানির উৎপাদিত মদের ওপর প্রথমবারের মতো মূল্য সংযোজন কর (মূসক) বা ভ্যাট আরোপের প্রস্তাব দিয়েছে সরকার। এ প্রস্তাব কার্যকর হলে কেরুর উৎপাদিত দেশি ও বিদেশি উভয় ব্র্যান্ডের মদের দাম প্রতি লিটারে ৫০০ টাকা পর্যন্ত বৃদ্ধি পাবে।
অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, নতুন অর্থবিলে ভ্যাট আইনের তৃতীয় তফসিল সংশোধনের মাধ্যমে এ ব্যবস্থা কার্যকর করার প্রস্তাব করা হয়েছে।
এতদিন কেরুর উৎপাদিত মদের ওপর কেবল আবগারি শুল্ক প্রযোজ্য ছিল। প্রতিষ্ঠানটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরকে নির্ধারিত হারে আবগারি শুল্ক পরিশোধ করলেও ভ্যাটের আওতায় ছিল না। নতুন করে ভ্যাট আরোপের ফলে ভোক্তাদের অতিরিক্ত অর্থ ব্যয় করতে হবে।
সংশ্লিষ্টরা বলছেন, সাম্প্রতিক বছরগুলোতে কেরুর মদের বিক্রি ও মুনাফা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে কোম্পানিটির ডিস্টিলারি ইউনিট থেকেই প্রতিবছর সবচেয়ে বেশি আয় ও মুনাফা আসে। এ প্রেক্ষাপটে রাজস্ব আহরণ বাড়াতে সরকার নতুন এ কর ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নিয়েছে।