হোমিও চিকিৎসায় মাদক অপব্যবহার রোধে বাগেরহাটে সেমিনার
মাসুদ আল হাসান ,খুলনা :
জনস্বাস্থ্য সুরক্ষা এবং হোমিওপ্যাথিক চিকিৎসায় মাদকদ্রব্যের অপব্যবহার রোধে বাগেরহাটে হোমিওপ্যাথিক চিকিৎসকদের নিয়ে এক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ১০ জুন সকাল ১০টায় বাগেরহাট সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন সিভিল সার্জন ডাঃ আ. স. মোঃ মাহবুবুল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডেপুটি সিভিল সার্জন ডাঃ হাবিবুর রহমান, ঔষধ তত্ত্বাবধায়ক জনাব জেড এম নাহিয়ান নাহিদ এবং হোমিও মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ ডাঃ এইচ. এম. একরাম আলী হাওলাদার।
সেমিনারে সভাপতিত্ব এবং মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাগেরহাট জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের উপপরিচালক জনাব মোঃ মিজানুর রহমান। তিনি জনস্বাস্থ্য সুরক্ষায় হোমিওপ্যাথিক চিকিৎসকদের দায়িত্ব, চিকিৎসা নীতিমালা অনুসরণ এবং মাদকদ্রব্যের অপব্যবহার প্রতিরোধে করণীয় বিষয়ে আলোকপাত করেন।
বক্তারা বলেন, নিরাপদ ও দায়িত্বশীল চিকিৎসাসেবা নিশ্চিত করতে হোমিওপ্যাথিক চিকিৎসকদের আরও সচেতন ভূমিকা পালন করতে হবে। একই সঙ্গে মাদকদ্রব্যের অপব্যবহার রোধে আইন ও নীতিমালা কঠোরভাবে অনুসরণের ওপর গুরুত্বারোপ করা হয়।