কেএমপিতে জেন্ডারবান্ধব পুলিশিংয়ে কৌশলগত পরিকল্পনা বাস্তবায়নের আহ্বান

 প্রকাশ: ১০ জুন ২০২৬, ০৭:০২ অপরাহ্ন   |   খুলনা

কেএমপিতে জেন্ডারবান্ধব পুলিশিংয়ে কৌশলগত পরিকল্পনা বাস্তবায়নের আহ্বান

খুলনা ব্যুরো :

বাংলাদেশ পুলিশ উইমেন নেটওয়ার্কের (BPWN) স্ট্র্যাটেজিক প্ল্যান ২০২৪-২০২৭ বাস্তবায়ন বিষয়ক এক কনসালটেশন কর্মশালা ১০ জুন বুধবার সকালে খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) বয়রা পুলিশ লাইন্সের লাউঞ্জ-২ এ অনুষ্ঠিত হয়েছে।

কর্মশালার উদ্বোধন করেন কেএমপি কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান, বিপিএম-সেবা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এন্টি টেররিজম ইউনিটের অতিরিক্ত ডিআইজি শামিমা আক্তার।

প্রধান অতিথির বক্তব্যে পুলিশ কমিশনার বলেন, নারী পুলিশ সদস্যদের দক্ষতা, নেতৃত্ব ও অংশগ্রহণ বৃদ্ধি আধুনিক ও জনবান্ধব পুলিশিং ব্যবস্থা গড়ে তোলার অন্যতম পূর্বশর্ত। তিনি নারী সদস্যদের জন্য সমান সুযোগ, জেন্ডারবান্ধব নিরাপদ কর্মপরিবেশ এবং আর্থিক সক্ষমতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। কর্মক্ষেত্রে যেকোনো ধরনের হয়রানির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নেরও প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

তিনি জানান, কেএমপির আওতাধীন ভিকটিম সাপোর্ট সেন্টার ও উইমেন হেল্প ডেস্কের কার্যক্রম জোরদারের মাধ্যমে নারী ও শিশুদের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়ার উদ্যোগ চলমান রয়েছে। কর্মশালার মাধ্যমে বিপিডব্লিউএনের কৌশলগত পরিকল্পনা বাস্তবায়নে কেএমপিকে একটি আদর্শ জেন্ডারবান্ধব ইউনিট হিসেবে গড়ে তোলার আশাবাদও ব্যক্ত করেন তিনি।

কর্মশালায় খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ফিন্যান্স) তোফায়েল আহাম্মেদ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. নাহরীন আই. খান, ঢাকা জেলার পুলিশ সুপার শামীমা পারভীন, ডেপুটি পুলিশ কমিশনার মেরিনা আক্তার, ইউএন উইমেনের শ্রাবণা দত্তসহ বিভিন্ন ইউনিটের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Advertisement
Advertisement
Advertisement