জবাবদিহিমূলক প্রশাসন গঠনে গুরুত্ব দিলেন প্রধানমন্ত্রী

 প্রকাশ: ১০ জুন ২০২৬, ০৮:২১ অপরাহ্ন   |   জাতীয়

জবাবদিহিমূলক প্রশাসন গঠনে গুরুত্ব দিলেন প্রধানমন্ত্রী

 প্রশাসনের প্রতিটি স্তরে দক্ষতা, স্বচ্ছতা ও জবাবদিহি প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে দুর্নীতির বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির আলোকে প্রতিরোধমূলক ও দমনমূলক ব্যবস্থা জোরদারের নির্দেশ দিয়েছেন তিনি।

বুধবার (১০ জুন) জাতীয় সংসদের বাজেট অধিবেশনের চতুর্থ দিনের লিখিত প্রশ্নোত্তর পর্বে এসব নির্দেশনার কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ (বীরবিক্রম)।

কুমিল্লা-৯ আসনের সংসদ সদস্য আবুল কালামের এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী জানান, ‘জেলা প্রশাসক সম্মেলন-২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক ও বিভাগীয় কমিশনারদের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেওয়া হয়েছে।

তিনি বলেন, প্রশাসনিক কার্যক্রম পরিচালনায় দক্ষতা ও স্বচ্ছতা নিশ্চিত করার পাশাপাশি জনগণের প্রতি জবাবদিহি বাড়াতে হবে। দুর্নীতির বিরুদ্ধে কোনো ধরনের ছাড় না দিয়ে কঠোর অবস্থান বজায় রাখতে হবে এবং অনিয়ম রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে।

প্রধানমন্ত্রী আরও নির্দেশনা দেন, অপ্রয়োজনীয় প্রশাসনিক জটিলতা কমিয়ে দ্রুত জনকল্যাণমূলক সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। সরকারি নিয়োগ, বদলি ও পদায়নের ক্ষেত্রে সততা, যোগ্যতা এবং দক্ষতাকেই একমাত্র বিবেচ্য মানদণ্ড হিসেবে অনুসরণ করার ওপর জোর দেন তিনি।

প্রশাসনিক কাঠামোকে আরও কার্যকর ও সময়োপযোগী করতে প্রয়োজনীয় সংস্কার কার্যক্রম এগিয়ে নেওয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, সেবাদান ব্যবস্থাকে আধুনিক করতে ডিজিটাল রূপান্তরের গতি বাড়াতে হবে।

আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে তৎপরতা বাড়ানোর নির্দেশ দিয়ে তিনি বলেন, কোনো আইন লঙ্ঘনের ঘটনা ঘটলে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে হবে। একই সঙ্গে সরকারি সেবা যেন হয়রানি ও বিলম্বমুক্তভাবে জনগণের কাছে পৌঁছে, তা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের কঠোর নজরদারি বজায় রাখতে হবে।

প্রধানমন্ত্রী বলেন, জনগণের প্রত্যাশা পূরণে একটি দক্ষ, সৎ ও প্রযুক্তিনির্ভর প্রশাসন গড়ে তোলাই সরকারের অন্যতম লক্ষ্য।

Advertisement
Advertisement
Advertisement