বিদেশি বিনিয়োগ আনলে মিলবে ১.৫% কমিশন, ৯% সুদে গঠন হচ্ছে ৬ হাজার কোটি টাকার তহবিল

 প্রকাশ: ১০ জুন ২০২৬, ০৭:৩১ অপরাহ্ন   |   জাতীয়

বিদেশি বিনিয়োগ আনলে মিলবে ১.৫% কমিশন, ৯% সুদে গঠন হচ্ছে ৬ হাজার কোটি টাকার তহবিল

ডেক্স নিউজ:

বিদেশি প্রত্যক্ষ বিনিয়োগ (এফডিআই) বাড়াতে নতুন প্রণোদনা ঘোষণা করেছে সরকার। প্রধানমন্ত্রী তারেক রহমান জানিয়েছেন, প্রবাসী বাংলাদেশি কিংবা বিদেশি কোনো নাগরিক দেশে নতুন বিনিয়োগ বা বিনিয়োগকারী আনতে পারলে মোট বিনিয়োগের ওপর ১ দশমিক ৫ শতাংশ কমিশন পাবেন। একই সঙ্গে সমস্যাগ্রস্ত কিন্তু সক্ষম উদ্যোক্তাদের জন্য ৯ শতাংশ সুদে ৬ হাজার কোটি টাকার বিশেষ তহবিল গঠন করেছে বাংলাদেশ ব্যাংক।

সংসদে প্রধানমন্ত্রীর ঘোষণা

বুধবার (১০ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও প্রথম বাজেট অধিবেশনের চতুর্থ দিনে সংসদ সদস্যদের সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এসব তথ্য জানান।

প্রধানমন্ত্রী বলেন, সম্প্রতি অনুষ্ঠিত একটি উচ্চপর্যায়ের বৈঠকে বৈদেশিক বিনিয়োগ টানতে কমিশনভিত্তিক এই প্রণোদনার সিদ্ধান্ত হয়েছে। বিদেশে অবস্থানরত দক্ষ ও প্রভাবশালী প্রবাসী বাংলাদেশি বা বিদেশি নাগরিকরা বাংলাদেশে নতুন বিনিয়োগ নিয়ে এলে তাদের মোট বিনিয়োগের ১.৫ শতাংশ হারে কমিশন দেওয়া হবে।

প্রবাসীদের সক্রিয় ভূমিকার প্রত্যাশা

সরকারপ্রধানের ভাষ্য, এই উদ্যোগের মাধ্যমে প্রবাসীরা বিদেশি বিনিয়োগকারীদের বাংলাদেশমুখী করতে আরও কার্যকর ভূমিকা পালন করবেন। এতে বৈদেশিক মুদ্রার প্রবাহও বাড়বে।

বিদেশি বিনিয়োগকারীদের অর্জিত মুনাফা নিজ দেশে ফেরত পাঠানো (প্রফিট রিপ্যাট্রিয়েশন) নিয়ে যেসব আইনি জটিলতা রয়েছে, সেগুলোও দ্রুত আইনগতভাবে সমাধানের আশ্বাস দেন তিনি।

ক্ষতিগ্রস্ত শিল্পের জন্য বিশেষ সহায়তা

সংসদ সদস্য বেগম সাবিকুন্ নাহারের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী জানান, বাংলাদেশ ব্যাংক ইতোমধ্যে ৬ হাজার কোটি টাকার একটি বিশেষ তহবিল গঠন করেছে।

“যেসব শিল্পপ্রতিষ্ঠান বিভিন্ন কারণে সমস্যায় পড়েছে, কিন্তু যাদের ব্যবসায়িক গ্রহণযোগ্যতা বা বিশ্বাসযোগ্যতা আছে, তারা এই তহবিল থেকে ৯ শতাংশ সুদে ঋণ সহায়তা পাবে।”

অর্থনীতির চ্যালেঞ্জ ও সরকারের অবস্থান

বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী বলেন, অতীতের নীতিগত ভুলের প্রভাব এখনো অর্থনীতিতে রয়ে গেছে।

“অর্থনীতির ফল একদিনে আসে না। আগের সময়ের খারাপ নীতির প্রভাব যেমন ধীরে ধীরে এসেছে, তেমনি বর্তমান সরকারের ইতিবাচক পদক্ষেপগুলোর সুফল পেতেও কিছুটা সময় লাগবে।”

দেশীয় বিনিয়োগেও জোর

সংসদ সদস্য মো. মোবাশ্বের আলম ভূঁইয়ার প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী স্পষ্ট করেন, সরকার শুধু বিদেশি নয়, দেশীয় বিনিয়োগকেও সমান গুরুত্ব দিচ্ছে। ব্যবসার পরিবেশ সহজ করতে নিয়ন্ত্রণমুক্তকরণসহ (ডিরেগুলেশন) বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে।

সুদের হার কমানোর বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি

ব্যাংকঋণের সুদের হার কমানো হবে কি নাএমন প্রশ্নের জবাবে তিনি বলেন, বিষয়টি সামগ্রিক অর্থনৈতিক প্রেক্ষাপটে পর্যালোচনা করা হচ্ছে।

সুদের হার কমালে বিনিয়োগ বাস্তবেই কতটা বাড়বে, তা যাচাই করে সিদ্ধান্ত নেওয়া হবে। তবে এখনো এ বিষয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি।

Advertisement
Advertisement
Advertisement