মাথাপিছু আয় ৩ হাজার ২০ ডলার, জিডিপি ৫০১ বিলিয়ন ডলারে

 প্রকাশ: ১০ জুন ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন   |   জাতীয়

মাথাপিছু আয় ৩ হাজার ২০ ডলার, জিডিপি ৫০১ বিলিয়ন ডলারে

ডেক্স নিউজ:

চলতি ২০২৫-২৬ অর্থবছরে বাংলাদেশের অর্থনীতিতে ইতিবাচক অগ্রগতির ইঙ্গিত মিলেছে। দেশের মানুষের গড় বা মাথাপিছু আয় বেড়ে প্রথমবারের মতো ৩ হাজার ডলারের মাইলফলক অতিক্রম করে ৩ হাজার ২০ মার্কিন ডলারে পৌঁছেছে। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ৩ লাখ ৬৮ হাজার ৮৭৩ টাকা (প্রতি ডলার ১২২ টাকা ১৫ পয়সা হিসাবে)।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) প্রকাশিত ২০২৫-২৬ অর্থবছরের সাময়িক জাতীয় হিসাব অনুযায়ী, আগের অর্থবছরে মাথাপিছু আয় ছিল ২ হাজার ৭৬৯ ডলার। সে হিসেবে এক বছরের ব্যবধানে মাথাপিছু আয় বেড়েছে ২৫১ ডলার।

একই সঙ্গে দেশের অর্থনীতির সামগ্রিক আকারও নতুন উচ্চতায় পৌঁছেছে। চলতি অর্থবছরে বাংলাদেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) আকার ৫০০ বিলিয়ন ডলারের সীমা অতিক্রম করে ৫০১ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে।

বিবিএসের তথ্যে দেখা যায়, বিনিয়োগ ও সঞ্চয়ের গতি প্রত্যাশিত পর্যায়ে না থাকলেও অর্থনৈতিক প্রবৃদ্ধিতে কিছুটা উন্নতি হয়েছে। ২০২৫-২৬ অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি হয়েছে ৪ দশমিক ১৪ শতাংশ, যা আগের অর্থবছরে ছিল ৩ দশমিক ৪৯ শতাংশ।

খাতভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, সবচেয়ে বেশি প্রবৃদ্ধি হয়েছে সেবা খাতে। এ খাতে প্রবৃদ্ধির হার দাঁড়িয়েছে ৪ দশমিক ৫৯ শতাংশ। শিল্প খাতে প্রবৃদ্ধি হয়েছে ২ দশমিক ৮৬ শতাংশ এবং কৃষি খাতে ২ দশমিক ৭৮ শতাংশ।

তবে আগের অর্থবছরের তুলনায় কৃষি ও সেবা খাতের প্রবৃদ্ধি কিছুটা কমেছে। বিপরীতে শিল্প খাতে প্রবৃদ্ধির হার বেড়েছে, যা উৎপাদন ও শিল্প কার্যক্রমে ইতিবাচক গতির ইঙ্গিত দিচ্ছে।

অর্থনীতিবিদদের মতে, মাথাপিছু আয় ও জিডিপির আকার বৃদ্ধি দেশের সামষ্টিক অর্থনীতির জন্য ইতিবাচক বার্তা বহন করলেও বিনিয়োগ ও সঞ্চয়ের স্থবিরতা দূর করে টেকসই প্রবৃদ্ধি নিশ্চিত করাই আগামী দিনের বড় চ্যালেঞ্জ হয়ে থাকবে।

Advertisement
Advertisement
Advertisement