জেনেভায় আইএলও মহাপরিচালকের সাথে শ্রমমন্ত্রীর সাক্ষাৎ

 প্রকাশ: ১০ জুন ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন   |   জাতীয়

জেনেভায় আইএলও মহাপরিচালকের সাথে শ্রমমন্ত্রীর সাক্ষাৎ

ঢাকা, ২৭ জ্যৈষ্ঠ (১০ জুন):

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী আজ জেনেভায় আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) মহাপরিচালক গিলবার্ট হুংবোর সাথে সাক্ষাৎ করেছেন।

বৈঠকে মন্ত্রী শোভনীয় কাজ, সামাজিক ন্যায়বিচার এবং শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় আইএলও’র নেতৃত্ব ও অবদানের প্রশংসা করেন। তিনি গণতন্ত্র, মানবাধিকার ও শ্রম অধিকারের প্রতি বাংলাদেশের সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। তিনি সামাজিক ন্যায়বিচারের জন্য আইএলও’র বৈশ্বিক জোট গঠণের উদ্যোগকে স্বাগত জানান। পাশাপাশি তিনি প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে উদ্যোক্তা উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টিতে আইএলও’র সহযোগিতা আরো সম্প্রসারণের আহ্বান জানান।

মন্ত্রী বলেন, বাংলাদেশ এ পর্যন্ত ৩৯টি আইএলও কনভেনশন অনুসমর্থন করেছে এবং এশিয়ার শ্রম প্রথম দেশ হিসেবে সকল মৌলিক আইএলও কনভেনশন অনুসমর্থনের স্বীকৃতি অর্জন করেছে। তিনি শ্রম খাত সংস্কার ও জাতীয় ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদ গঠনের অগ্রগতি তুলে ধরেন। একই সঙ্গে আইএলওতে বাংলাদেশের বিরুদ্ধে দায়েরকৃত মামলার ইতিবাচক নিষ্পত্তির প্রত্যাশা ব্যক্ত করেন।

আইএলও মহাপরিচালক বাংলাদেশের শ্রম খাতে চলমান সংস্কার কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে আগ্রহ প্রকাশ করেন এবং বাংলাদেশের সাথে আইএলও’র দীর্ঘদিনের অংশীদারিত্বের প্রশংসা করেন। 

Advertisement
Advertisement
Advertisement