জলবায়ু সংকট মোকাবিলায় তরুণদের সম্পৃক্ততার আহ্বান : খুলনায় ‘ইয়ুথ শেয়ার-নেট’ প্রকল্পের দ্বিতীয় স্টেকহোল্ডার সভা অনুষ্ঠিত
-খুলনা ব্যুরো :
জলবায়ু পরিবর্তনের প্রভাব, উপকূলীয় অঞ্চলের লবণাক্ততা এবং তরুণদের যৌন ও প্রজনন স্বাস্থ্য অধিকার বিষয়ে সচেতনতা বৃদ্ধি ও নীতিনির্ধারণী সমন্বয় জোরদারের লক্ষ্যে খুলনায় অনুষ্ঠিত হয়েছে ‘ইয়ুথ শেয়ার-নেট’ প্রকল্পের দ্বিতীয় স্টেকহোল্ডার মিটিং।
মঙ্গলবার (৯ জুন) খুলনা নগরীর হোটেল টাইগার ইন্টারন্যাশনালে অনুষ্ঠিত উক্ত সভার আয়োজন করে বেসরকারি উন্নয়ন সংস্থা ‘দলিত’। সহযোগিতায় ছিল রেডঅরেঞ্জ বাংলাদেশ এবং প্রকল্পটির অর্থায়ন করছে অ্যামপ্লিফাই চেঞ্জ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক সুরাইয়া সিদ্দিকা বলেন, প্রজনন স্বাস্থ্যকে সামাজিকভাবে আরও স্বাভাবিকভাবে গ্রহণ করতে হবে। জলবায়ু পরিবর্তনের ফলে উপকূলীয় অঞ্চলে লবণাক্ত পানিতে দীর্ঘ সময় কাজ করায় নারীরা নানা ধরনের স্বাস্থ্যঝুঁকির মুখে পড়ছেন। এসব ঝুঁকি মোকাবিলায় বিকল্প কর্মসংস্থান সৃষ্টি এবং কার্যকর সুরক্ষামূলক ব্যবস্থা গ্রহণ জরুরি।
তিনি আরও বলেন, দাকোপ, পাইকগাছা ও কয়রার মতো উপকূলীয় এলাকায় বিশুদ্ধ পানির সংকটের কারণে নারীদের প্রতিদিন দীর্ঘ সময় ব্যয় করে পানি সংগ্রহ করতে হয়, যা তাদের স্বাস্থ্য ও জীবনযাত্রায় নেতিবাচক প্রভাব ফেলছে। এ বিষয়ে পরিবার ও সমাজের সচেতনতা বৃদ্ধি প্রয়োজন।
বিশেষ অতিথির বক্তব্যে আইনজীবী অ্যাডভোকেট বাবুল হাওলাদার বলেন, নিজের অধিকার আদায়ের পাশাপাশি অন্যের অধিকার নিশ্চিত করাও নাগরিক দায়িত্ব। সমাজে সমতা ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় তরুণদের অগ্রণী ভূমিকা রাখতে হবে। একই সঙ্গে সংবিধান সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং সরকারি আইনি সহায়তা কার্যক্রম সম্পর্কে মানুষের জানাশোনা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন তিনি।
সভায় ‘দলিত’-এর নির্বাহী পরিচালক স্বপন কুমার দাস বলেন, মানবসভ্যতা দীর্ঘ সংগ্রামের মধ্য দিয়ে বর্তমান অবস্থায় এসেছে। তাই নিজেদের অধিকার প্রতিষ্ঠা এবং অন্যের অধিকার নিশ্চিত করতে সবাইকে সচেতন ও ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আইনের দৃষ্টিতে সব মানুষ সমান এবং ধর্ম-বর্ণ নির্বিশেষে প্রত্যেক নাগরিকের সমান অধিকার রয়েছে।
আলোচনা সভায় ‘ইয়ুথ শেয়ার-নেট’ প্রকল্পের দায়িত্বপ্রাপ্ত প্রতাপ দাশ স্বাগত বক্তব্য দেন। পরে প্রকল্প ব্যবস্থাপক শাকিরুন আক্তার প্রকল্পের কার্যক্রম, লক্ষ্য ও অগ্রগতি তুলে ধরে একটি প্রেজেন্টেশন উপস্থাপন করেন।
সভায় বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধি, উন্নয়নকর্মী, নাগরিক সমাজের প্রতিনিধি ও তরুণ অংশগ্রহণকারীরা উপস্থিত ছিলেন।