খুলনায় ইপিআই রিভিউ সভা: জনস্বাস্থ্য সুরক্ষায় নতুন নির্দেশনা

 প্রকাশ: ১০ জুন ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন   |   খুলনা

খুলনায় ইপিআই রিভিউ সভা: জনস্বাস্থ্য সুরক্ষায় নতুন নির্দেশনা

খুলনা ব্যুরো :

ডেঙ্গু ও চিকুনগুনিয়ার মতো মশাবাহিত রোগের ঝুঁকি মোকাবিলায় শিশুদের সুরক্ষাসহ জনস্বাস্থ্য রক্ষায় সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকতার সঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু।

বুধবার নগরীর শেরে বাংলা রোডস্থ নগর স্বাস্থ্য ভবনে খুলনা মহানগর এলাকায় সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই) জোরদারকরণ বিষয়ক রিভিউ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। ইউনিসেফের সহযোগিতায় কেসিসির স্বাস্থ্য বিভাগ এ সভার আয়োজন করে।

নজরুল ইসলাম মঞ্জু হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন সফলভাবে সম্পন্ন করায় স্বাস্থ্যকর্মীদের ধন্যবাদ জানিয়ে বলেন, নগরীতে এমন পরিবেশ নিশ্চিত করতে হবে যাতে মশাবাহিত রোগের সংক্রমণ শূন্যের কোটায় নামিয়ে আনা সম্ভব হয়। এজন্য প্রতিরোধমূলক কার্যক্রম আরও জোরদার করার ওপর তিনি গুরুত্বারোপ করেন।

কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন কেসিসি সচিব মো. রেজা রশীদ, সিভিল সার্জন ডা. মোছা. মাহফুজা খানম এবং ইউনিসেফের ন্যাশনাল ইপিআই স্পেশালিস্ট ডা. তাপস কুমার হালদার।

সভা পরিচালনা করেন কেসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. শরীফ শাম্মীউল ইসলাম।

Advertisement
Advertisement
Advertisement